Published : 16 Aug 2026, 09:38 PM
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দেড়শতে পরিণত করলেন দেবদুত পাডিক্কাল। ধ্রুব জুরেল উপহার দিলেন দারুণ ফিফটি। সঙ্গে লেজের ব্যাটসম্যানদের নৈপুণ্যে ভারত গড়ল রানের সৌধ।
গল টেস্টে বৃষ্টির বাগড়ায় নষ্ট হয়েছে দ্বিতীয় দিনের প্রথম দেড় সেশন। রোববার খেলা হয়েছে কেবল ৪৩ ওভার। এই সময়ে ভারত যোগ করেছে ১৭২ রান। প্রথম ইনিংসে সফরকারীদের রান এখন ৯ উইকেটে ৪৬০।
পাডিক্কাল ২৩০ বলে করেন ১৬৭ রান। প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ১৫ চার ও এক ছক্কায়।
চারটি চার ও একটি ছক্কায় ৬৮ বলে ৫১ রান করেন জুরেল।
দ্বিতীয় দিন পতন হওয়া ৭ উইকেটের ৬টিই ভাগ করে নেন শ্রীলঙ্কার দুই স্পিনার প্রাবাথ জায়াসুরিয়া ও কেশারা নুওয়ান্থা। প্রথম দিনের একটিসহ বাঁহাতি জায়াসুরিয়ার শিকার ১০৯ রানে ৪টি, অভিষিক্ত অফ স্পিনার নুওয়ান্থার উইকেট ১৭৫ রানে ৩টি।
এ দিন উইকেটে দেখা যায় আরও বেশি টার্ন।
দীর্ঘ অপেক্ষার পর দিনের খেলা শুরু হয় স্থানীয় সময় বেলা আড়াইটায়। ২ উইকেটে ২৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।
প্রথম দিন ২৭ রানে অপরাজিত রিশাভ পান্ত যোগ করতে পারেন আর ১২ রান। তাকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের দেখা পান নুওয়ান্থা। বেরিয়ে এসে খেলে ক্যাচ তুলে দেন ভারতের কিপার-ব্যাটসম্যান।
প্রথম দিন ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়া লোকেশ রাহুল আবার ব্যাটিংয়ে নামেন ৭৭ রান নিয়ে। তিনি যোগ করতে পারেন ৫ রান। তাকেও বিদায় করেন নুওয়ান্থা।
পাডিক্কাল প্রথম দিন অপরাজিত ছিলেন ১৩১ রানে। এ দিন তিনি দেড়শতে পা রাখেন ২১৫ বলে।
তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দেড়শ ছুঁলেন তিনি। আগের দুজন রাহুল দ্রাবিড় (২০০৯ সালে আহমেদাবাদে ১৭৭) ও চেতেশ্বর পুজারা (২০১৭ সালে গলে ১৫৩)।
পঞ্চম উইকেট জুটিতে পাডিক্কাল ও জুরেল যোগ করেন ৩৮ রান। জায়াসুরিয়াকে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হন পাডিক্কাল।
ভালো করতে পারেননি রাভিন্দ্রা জাদেজা (২৫ বলে ১৩)। জুরেল এরপর মানাভ সুতারের সঙ্গে ৫৫ রানের জুটিতে দলের রান চারশ পার করেন। ফিফটি করেন তিনি ৬৬ বলে।
পরের ওভারেই তিনি বিদায় নেন জায়াসুরিয়ার বলে। প্রথম স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন শ্রীলঙ্কা অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা।
একটি ছক্কায় মোহাম্মাদ সিরাজ করেন ১৩ বলে ১২ রান। ৪৩ বলে ২৪ রান করেন সুতার। দুজনই বিদায় নেন দুই ওভার মিলিয়ে পরপর দুই বলে।
দিনের বাকিটুকু কাটিয়ে দেন কুলদিপ ইয়াদাভ ও প্রাসিধ কৃষ্ণা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১১৬ ওভারে ৪৬০/৯ (আগের দিন ২৮৮/২ (রাহুল ৮২, পাডিক্কাল ১৬৭, পান্ত ৩৯, জুরেল ৫১, জাদেজা ১৩, সুতার ৪, সিরাজ ১১, কুলদিপ ১২*, প্রাসিধ ১*; আসিথা ১৭-১-৬১-১, কুমারা ১৩-১-৭৬-০, নুওয়ান্থা ৩৯-১-১৭৫-৩, জায়াসুরিয়া ৩৯-৬-১০৯-৪, ধানাঞ্জায়া ৪-০-১৫-০, দিনুশা ৪-০-১৭-০)