১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোহলির চার নম্বরে নায়ারকে দেখতে চান কুম্বলে

৮ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে কেন ফেরানো প্রয়োজন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

কোহলির চার নম্বরে নায়ারকে দেখতে চান কুম্বলে
কারুন নায়ার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 10:30 AM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ভিরাট কোহলির অবসরে টেস্ট দলের চার নম্বর পজিশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে। সমস্যা সমাধানের একটি পথ দেখিয়েছেন আনিল কুম্বলে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা কারুন নায়ারকে ফিরিয়ে এই পজিশনে খেলাতে বলছেন দেশটির সাবেক অধিনায়ক। 

গত ৩৩ বছর ধরে চার নম্বর পজিশন নিয়ে ভাবতে হয়নি ভারতকে। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের পর দলের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে ছিলেন কোহলি। কিন্তু গত রোববার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট।

কোহলির দিন পাঁচেক আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শার্মাও। ইংল্যান্ডের সফরের আগে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা তো বটেই।

ওপেনার হিসাবে ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলকে বেছে নিতে পারে ভারত। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ইনিংস শুরু করতে নেমে দুটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ৬৫ ইনিংসের ৫৩টিতেই ওপেনিংয়ে নেমেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

কিন্তু চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাকে খেলাবে ভারত, এনিয়ে চলছে তুমুল আলোচনা। ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে ৩৩ বছর বয়সী নায়ারকে আপাতত এই জায়গার জন্য উপযুক্ত মনে করার কথা বলেছেন ভারতের সাবেক কোচ কুম্বলে।

২০১৭ সালের পর ভারতের জার্সিতে আর দেখা যায়নি নায়ারকে। ২০১৮ সালের ইংল্যান্ড সফরের দলে তাকে রাখা হলেও কোনো ম্যাচ খেলানো হয়নি। টেস্টে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি তিনি। একটিই সেঞ্চুরি করেছিলেন, সেটি আবার ট্রিপল সেঞ্চুরি, অপরাজিত ৩০৩।

৮ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নায়ার ঘরোয়া ক্রিকেটে এখন দুর্দান্ত ছন্দে আছেন। বিদার্ভার হয়ে ২০২৪-২৫ মৌসুমে রানের স্রোত বইয়ে চলেছেন তিনি। ভিজায় হাজারে ট্রফিতে ৮ ইনিংসের কেবল একটিতে আউট হয়ে করেছেন ৭৭৯ রান। টানা চারটিসহ উপহার দিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। এই পথচলায় গড়েছেন বেশ কিছু রেকর্ড।

প্রথম শ্রেণির টুর্নামেন্ট রাঞ্জি ট্রফিতেও এবার ছিলেন অবিশ্বাস্য ফর্মে। চার সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮৬৩ রান করেন তিনি ৫৩.৯৩ গড়ে। আসরে তার চেয়ে বেশি রান করতে পারেন আর কেবল তিনজন। এই টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচেই পাঁচ নম্বরে খেলেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ইনিংসে ৮ হাজার ২১১ রান করেছেন নায়ার ৪৯.১৬ গড়ে। ডানহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে সেঞ্চুরি ২৩টি, ফিফটি ৩৬টি।

দুর্দান্ত ছন্দে থাকা নায়ারকে ইংল্যান্ড সফরের দলে ফেরানোর আরেকটি কারণও উল্লেখ করেছেন কুম্বলে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। দলটির হয়ে ১০ ম‍্যাচের ১৪ ইনিংসে দুই সেঞ্চুরি ও চার ফিফটিতে ৫৬.৬১ গড়ে করেছেন ৭৩৬ রান, সর্বোচ্চ অপরাজি ২০২। 

সাবেক তারকা লেগ স্পিনার কুম্বলের মতে, কাউন্টি খেলার অভিজ্ঞতা জাতীয় দলের হয়ে নিজের ব্যাটিংয়ে কাজে লাগাতে পারবেন নায়ার।

 “আমার মনে হয় না, কেউ চিন্তা করেছে চার নম্বরে কে ব্যাট করবে। অস্ট্রেলিয়ায় রোহিত প্রথম টেস্ট খেলেনি, তাই ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়েছিল। একবার রাহুল ভালো করায়, রোহিতকে ব্যাটিং অর্ডারে নিচে নামিয়ে আনা হলো। এরপর সে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিল। তাই ভারতের ব্যাকআপ ওপেনার কে এটা জানা আছে, কিন্তু আমার মনে হয় না কেউ চার নম্বর পজিশন নিয়ে চিন্তা করেছে।”

“কারুন ঘরোয়া ক্রিকেটে যেভাবে রান করছে, তাতে তার ভারতীয় দলে ফেরাটা প্রাপ্য। হয়তো সে ভারতের জন্য চার নম্বরের সমাধান হতে পারে, কারণ আমি মনে করি, অভিজ্ঞতার প্রয়োজন আছে। ইংল্যান্ডে এমন কাউকে দরকার যে সেখানে গিয়েছে এবং খেলেছে। সে কাউন্টি ক্রিকেট খেলেছে, তাই সে কন্ডিশন সম্পর্কে জানে। কারুনের বয়স হয়তো ৩০ পেরিয়ে গেছে, কিন্তু সে এখনও সতেজ আছে।”

অসাধারণ পারফরম্যান্সের পরও নায়ার সুযোগ না পেলে, ভবিষ্যৎ প্রজন্মকে এটা ভালো বার্তা দেবে বলে মনে করছেন না কুম্বলে। 

“সে যদি সুযোগ পায়, তাহলে আরও আশা নিয়ে তরুণরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলবে। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সকে যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।” 

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামী ২০ জুন।