১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের জন্য বড় ধাক্কা, ছিটকে গেলেন রসিংটন

এবারের বিপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান আর খেলতে পারছেন না এই আসরে।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বিনুরা ফার্নান্দোর ডেলিভারিটি একটু লাফিয়ে যখন ছোবল দিল অ্যাডাম রসিংটনের আঙুলে, ব্যাথায় কাতর হয়ে উঠেছিলেন তিনি। মাঠে শুশ্রূষার পর আবার ব্যাটিং চালিয়ে গেছেন তিনি, তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। সেই আঘাত পরে বড় দুঃসংবাদ বয়ে এনেছে তার এবং দলের জন্য। বিপিএল শেষ হয়ে গেছে চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যানের।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সিলেটে শুক্রবার ব্যাটিংয়ের সময় ওই চোট পান রসিংটন। চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরোনো চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন এই ব্যাটসম্যান।

“ওই আঘাত পাওয়ার পর যখন ব্যাটিং করছিল, তখনই বুঝতে পারছিলাম যে বড় সমস্যা হয়েছে। অস্বস্তি ছিল তার ব্যাটিংয়ে। পরে বলল যে, ওখানে ওর চোট ছিল আগে থেকেই। সেখানেই লেগেছে আবার, চিড় ধরেছে। কালকে চলে যাবে।”

রসিংটনের ছিটকে পড়া চট্টগ্রামের সম্ভাবনায় বড় আঘাত। দলটি যে এখন পয়েন্ট তালিকার শীর্ষে, সেটির পেছনে বড় অবদান এই কিপার-ব্যাটসম্যানের। প্রথমবার বিপিএল খেলতে এসে এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ ২৫৮ রান করেছেন তিনি ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে গড়ে তুলেছেন কার্যকর এক উদ্বোধনী জুটি। 

এখনও পর্যন্ত অসাধারণ কিপিংও করেছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। এক ম্যাচে চার স্টাম্পিংয়ের রেকর্ড গড়ার পাশাপাশি মাঠে তার উপস্থিতি ছিল দারুণ প্রাণবন্ত।

এমন একজনকে হারিয়ে হাহাকার শোনা গেল টিম ডিরেক্টরের কণ্ঠে।

“আমাদের দলের বড় শক্তির জায়গা ছিল সে। তাকে ঘিরেই আমাদের ব্যাটিং আবর্তিত হতো। এর চেয়েও বড় কথা, খুব ভালো টিমম্যান ছিল সে। দলের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছিল। আমাদের জন্য অনেক বড় ক্ষতি ওকে হারানো। ওর বদলি ক্রিকেটার আমরা খুঁজছি।” 

সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রসিংটন। 

চট্টগ্রামের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার মিরপুরে নোয়াখালীর বিপক্ষে।