বাটলারকে ছাড়িয়ে আমিরাত অধিনায়কের রেকর্ড
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজারের কম বলে টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুহাম্মাদ ওয়াসিম।
ওমানের বিপক্ষে চমৎকার ইনিংস খেলার পথে রেকর্ড বইয়ে নাম লেখালেন মুহাম্মাদ ওয়াসিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড এখন সংযুক্ত আরব আমিরাত অধিনায়কের।
মাইলফলকটি ছুঁতে এশিয়া কাপে সোমবারের ম্যাচটিতে ওয়াসিমের প্রয়োজন ছিল ৫৯ রান। সপ্তদশ ওভারে শাহ ফয়সালের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩১ বছর বয়সী ওপেনার।
তিন হাজার রান পূর্ণ করলেন তিনি ১ হাজার ৯৪৭ বলে। ২ হাজারের কম বলে এই স্বাদ পাননি আর কেউ। এতদিন রেকর্ডটি ছিল ইংলিশ তারকা জস বাটলারের। তার লেগেছিল ২ হাজার ৬৮ বল। ২ হাজার ৭৭ বল লেগেছিল অ্যারন ফিঞ্চের।
ইনিংসের হিসাবে ওয়াসিম এখানে তৃতীয় দ্রুততম। তার লাগল ৮৪ ইনিংস। সবচেয়ে কম ৭৯ ইনিংস লেগেছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। বাবর আজম ও ভিরাট কোহলির লেগেছিল সমান ৮১ ইনিংস।
রেকর্ডের ম্যাচে শেষ ওভারে ওয়াসিম রান আউট হন ৬৯ রানে। তার ৫৪ বলের ইনিংস গড়া ৬ চার ও ৩ ছক্কায়। ২০ ওভারে ১৭২ রানের পুঁজি গড়ে আমিরাত।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্ম ও পরে আমিরাতে পাড়ি জমানো ওয়াসিমের টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে তিনটি।
