‘আমাদের বিশ্বের সেরা স্পিনার আছে’, ভারতকে পাকিস্তান কোচের হুঁশিয়ারি
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠের লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন মাইক হেসন।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা ১০ তো বহু দূর, ২০ জনের মধ্যেও নেই মোহাম্মদ নাওয়াজ। তবে সাম্প্রতিক সময়ে এই সংস্করণে দুর্দান্ত বোলিং করছেন তিনি। এই মুহূর্তে তো তাকে বিশ্বের সেরা স্পিনার মনে হচ্ছে মাইক হেসনের। নিজ দলের শক্তির জায়গা তুলে ধরে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার আগে ভারতকে যেন একরকম হুমকি দিয়ে রাখলেন পাকিস্তান কোচ।
লম্বা একটা সময় টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি নাওয়াজ। আর এখন তিনিই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। গত জুলাইয়ে বাংলাদেশ সফর দিয়ে দেড় বছর পর এই সংস্করণে ফিরে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি।
মিরপুরে ফেরার ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নাওয়াজ। একই মাঠে সিরিজের পরের দুই ম্যাচে তিন শিকার ধরেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজেও জ্বলে উঠে তিন ম্যাচে নেন সাত উইকেট।
এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। সেখানেও আলো ছড়ান ৩১ বছর বয়সী নাওয়াজ। আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে তো একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।
আফগানদের স্রেফ ৬৬ রানে গুটিয়ে দেওয়ার পথে সেদিন ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন নাওয়াজ। দেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার পান পাঁচ উইকেটের স্বাদ। শুধু তাই নয়, ওই দিন দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিকও করেন তিনি। পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে গড়েন এই সংস্করণে হ্যাটট্রিক করার কীর্তি।
সব মিলিয়ে, দলে ফেরার পর এখন পর্যন্ত ১১ টি-টোয়েন্টি খেলে ২০ উইকেট নিয়েছেন নাওয়াজ। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে থাকা বোলার এই সংস্করণে ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় সাড়ে ছয় করে।
নাওয়াজ ছাড়াও পাকিস্তান দলে আছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। ছন্দে আছেন তারাও। বোলিংয়ে দারুণ অবদান রাখছেন ওপেনার সাইম আইয়ুবও।
ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্নের উত্তরে দলের শক্তি তুলে ধরেন হেসন।
“আমার মনে হয়, আমাদের দলের সৌন্দর্য হলো আমাদের পাঁচ জন স্পিনার আছে। মোহাম্মদ নাওয়াজ আছে, যে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। দলের ফেরার পর থেকে গত ছয় মাস ধরে সে একইরকম খেলছে। আবরার ও সুফিয়ানও আছে। সাইম আইয়ুব এখন বিশ্বের সেরা ১০ অলরাউন্ডারের মধ্যে একজন।”
স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছে ভারত। অবশ্য গত আসর হয়েছিল ওয়ানডে সংস্করণে। তবে, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চূড়ায় থাকা দলটিকে এবারও শিরোপার দাবিদার ভাবছে অনেকেই।
আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে পাকিস্তান। হাইভোল্টেজ লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন হেসন।
“আমরা জানি, ভারত অনেক আত্মবিশ্বাসী। আর তারা যে দুর্দান্ত পারফর্ম করে চলেছে, তাতে এটা যথার্থও। আমরা দল হিসেবে উন্নতি করায় মনোযোগী, ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না। তবে আমরা ভালো করেই জানি...ম্যাচটির গুরুত্ব কিংবা বিশালতার কথা বলব না, বলব সামনের চ্যালেঞ্জের কথা এবং আমরা অবশ্যই এটার অপেক্ষায় আছি।”
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ বারের দেখায় স্রেফ তিনটিতে জিততে পেরেছে পাকিস্তান। যার একটি এশিয়া কাপে; ২০২২ আসরে প্রতিবেশীদের ৫ উইকেটে হারিয়েছিল তারা।
