১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৪৩ বছর বয়সে দা হান্ড্রেডে অ্যান্ডারসন, বাবার দলে রকি ফ্লিন্টফ

টুর্নামেন্টের ‘ওয়াইল্ডকার্ড’ ড্রাফট থেকে দল পেয়েছেন এই দুইজন।

৪৩ বছর বয়সে দা হান্ড্রেডে অ্যান্ডারসন, বাবার দলে রকি ফ্লিন্টফ
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন (বাঁয়ে), অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে ছেলে রকি ফ্লিন্টফ (ডানে)। ছবি: ল্যাঙ্কাশায়ার ও ইসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 05:01 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

১৫ দিন পর ৪৩ বছর পূর্ণ হবে জেমস অ্যান্ডারসনের। এই বয়সে এসে প্রথমবারের মতো ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে খেলার সুযোগ এসেছে তার সামনে। টেস্ট ইতিহাসের সফলতম পেসারকে দলে যোগ করেছে ম্যানচেস্টার অরিজিনালস। 

চমক হয়ে এসেছে রকি ফ্লিন্টফের দল পাওয়া। এখনও কোনো পেশাদার টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি ইংলিশ গ্রেট অ্যান্ড্রু ফ্লিন্টফের ১৭ বছর বয়সী ছেলে। তবুও তাকে নিজের দল নর্দার্ন সুপারচার্জার্সে নিয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার। সুপারচার্জার্সের প্রধান কোচ তিনি। 

হান্ড্রেডের ‘ওয়াইল্ডকার্ড’ ড্রাফট থেকে অ্যান্ডারসন ও রকি ফ্লিন্টফ দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ৩১ হাজার পাউন্ড।

প্রায় ১১ বছর পর গত মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন অ্যান্ডারসন। রঙিন পোশাকের এই সংস্কারণে বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। চলতি ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ বোলার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচ খেলে ৫৫ উইকেট নেওয়া অ্যান্ডারসনকে গত মার্চে অনুষ্ঠিত দা হান্ড্রেডের মূল ড্রাফট থেকে দলে টানেনি কেউ। এবার ‘ওয়াইল্ডকার্ড’ ড্রাফট থেকে দল পেলেন তিনি।

এখনও কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ না খেলা রকি ফ্লিন্টফ বয়সভিত্তিক ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে যাচ্ছেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়ন্সের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। দিন দশেক আগে যুব ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১০৭ রানের দারুণ ইনিংস উপহার দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

‘ওয়াইল্ডকার্ড’ ড্রাফট থেকে রকি ফ্লিন্টফের পাশাপাশি ৩৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার জেমস ফুলারকে দলে টেনেছে নর্দার্ন সুপারচার্জারস। আর অ্যান্ডারসনের সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসার মার্শান্ট ডি ল্যাঙ্গাকে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস।