Published : 19 Jun 2026, 10:08 PM
বছরের শেষ দিকে ৩৮তম জন্মদিন পালন করবেন ভিরাট কোহলি। কিন্তু ২২ গজে তিনি যেন এখনও তরুণ। বয়সের ছাপ তার মাঠের পারফরম্যান্সে একটুও পড়ছে না। সবশেষ আইপিএলেও আলো ছড়ানো ভারতীয় গ্রেটকে অন্তত আরও চার বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখতে চান ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী রাজেশ মেনন।
আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। দলটিকে দীর্ঘ দিন নেতৃত্বও দেন তিনি। ১৭ বছরের অপেক্ষার অবসান করে ২০২৫ সালে টুর্নামেন্টের প্রথম শিরোপা জেতে দলটি। আর চলতি বছর সেটি ধরেও রাখার কীর্তি গড়ে তারা। দুটি আসরেই ব্যাট হাতে বড় অবদান রাখেন কোহলি।
গত চারটি আইপিএল আসরে রানের স্রোত বইয়ে দেন কোহলি। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিটি মৌসুমেই ছয়শর বেশি রান করেন তিনি। গত দুই আসরে তার রান ছিল ৬৫৭ ও ৬৭৫। সবশেষটিতে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বেঙ্গালুরুর মালিকানা বদলের ঘোষণা এসেছে গত মাসেই। তবে এতে কোহলির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্কের কোনো বদল আসবে বলে মনে করেন না রাজেশ। সিএনবিসি টিভি১৮ এর সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, আরও চার বছর খেলার মতো প্রাণশক্তি আছে কোহলির।
“আরসিবি ও ভিরাট একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শুরু থেকেই তিনি এই দলের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট ক্যারিয়ারের পাট চুকিয়ে ফেলার পরও তিনি আরসিবির অংশ থাকবেন না—এমনটা আমরা ভাবতেই পারি না। বিষয়টি আমাদের ভেবে দেখতে হবে।”
“তবে এটুকু বলতে পারি, আগামী তিন থেকে চার বছর তিনি নিশ্চিতভাবেই খেলা চালিয়ে যাবেন… অন্তত চার বছর তো বটেই। তিনি পুরোপুরি ফিট এবং তার ক্ষুধা শেষ হওয়ার নয়। এবারের আইপিএল মৌসুমেও তার অবিশ্বাস্য প্রাণশক্তি, রান আর আগ্রাসী মনোভাব দেখা গেছে… সবকিছুই একদম ঠিকঠাক ছিল। তাই আগামী তিন-চার বছর খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না।”
২০২৪ সালের নভেম্বরে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। চলমান মেগা নিলাম চক্রের আর মাত্র এক বছর বাকি। ২০২৮ সালের আসরের আগে আবার দলগুলোর স্কোয়াডে বড় পরিবর্তন আসবে।