বাটলারের ‘অনুপস্থিতিতে’ বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মইন
এই স্পিনিং অলরাউন্ডারের কাছে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সবসময়ই অনেক বড় সম্মানের।
সব কিছুর আগে জস বাটলারের কাছে প্রাধান্য পায় তার পরিবার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান তিনি। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না পারলেও আপত্তি নেই তার। আর এমনটা হলে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মইন আলি।
খুব শিগগিরই জস বাটলার ও তার স্ত্রী লুইস বাটলারের কোলজুড়ে আসতে যাচ্ছে তাদের তৃতীয় সন্তান। এই সময়ে সঙ্গীর পাশে থাকার কথা নিশ্চিত করে বাটলার সম্প্রতি বলেছেন, “পরিবার সবার আগে।”
বিশ্বকাপের বাকি নেই এক সপ্তাহও। আর ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে আগামী ৪ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। সব কিছু মিলিয়ে, বাটলারকে বিশ্বকাপের কিছু অংশে ইংল্যান্ডের না পাওয়ার সম্ভাবনা প্রবল।
এমনটা হলে ওই সময়ে ইংলিশদের নেতৃত্ব দেবেন দলটির সহ-অধিনায়ক মইন। এখন পর্যন্ত এই স্পিনিং অলরাউন্ডারের নেতৃত্বে ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছে ইংল্যান্ড।
জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারা মইনের কাছে সবসময়ই অনেক বড় সম্মানের। বিশ্বকাপেও গুরুদায়িত্বটি পালন করতে সমস্যা নেই তার। বিবিসি স্পোর্টসে তিনি বলেন, বাটলার আর তার মানসিকতা একই রকম। তাই তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তিনি।
“যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে সেটা হবে অনেক বড় সম্মানের- সবসময়ই বিষয়টা একইরকম। আমি ভালো করব; কিছুই খুব বেশি পরিবর্তন হবে না। সে যা করছে, আমি কেবল সেটাই এগিয়ে নেব এবং যখন সে ফিরে আসবে তখন আবার দায়িত্ব গ্রহণ করবে।”
“আশা করি, বাটলারের সন্তান সঠিক সময়ে পৃথিবীতে আসবে, যাতে তাকে খুব বেশি ম্যাচ মিস করতে না হয়। আমরা প্রায়ই কথা বলি, আমি আর জস... যাই হোক, আমাদের চিন্তা-ভাবনা একই।”
ঘরের মাঠে এখন পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। দুই দলের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার।
