পাকিস্তান টেস্ট দলের কঠোর সমালোচনায় কার্তিক
পাকিস্তান টেস্ট দলকে খুব সাধারণ হিসেবে বর্ণনা করেছেন ভারতের এই সাবেক কিপার-ব্যাটসম্যান।
ইংল্যান্ডে হোয়াইটওয়াশড হওয়া পাকিস্তান টেস্ট দলের কড়া সমালোচনা করেছেন দিনেশ কার্তিক। তার মতে এই সংস্করণের জন্য ‘যথেষ্ট ভালো নয়’ বাবর আজমের দল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের চার ইনিংসের কোনোটিতেই ৯০ ওভার ব্যাট করতে পারেনি পাকিস্তান। কার্তিকের মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না, তবে এত কঠিনও ছিল না যে কোনো দল এক দিনের ভেতরে অলআউট হয়ে যাবে।
তৃতীয় টেস্টের তৃতীয় দিন কিছুটা দৃঢ়তা দেখায় পাকিস্তান। তবে কাজটা করতে পারে তারা বড্ড দেরিতে। সিরিজ শুরুর আগে হোয়াইটওয়াশের ভবিষ্যদ্বাণী করেন স্টুয়ার্ট ব্রড। সিরিজ চলার সময় নাসের হুসাইন, মাইকেল ভন, মাইকেল আথারটনরা সফরকারীদের সমালোচনা করেন।
সিরিজে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করা কার্তিক বেশ হতাশ পাকিস্তানের পারফরম্যান্সে। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ফের পাকিস্তানের সমালোচনা করলেন ভারতের এই সাবেক কিপার-ব্যাটসম্যান।
“ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজে কাজ করার সময় দেখেছি, এই পাকিস্তান দল খুব সাধারণ মানের। প্রথম দুই টেস্টে তারা এমনকি দুই ইনিংস মিলিয়েও ৯০ ওভার ব্যাট পর্যন্ত করতে পারেনি। উইকেটে পেসারদের জন্য বেশ সহায়তা ছিল।
“এটা (ব্যাটিং) সহজ ছিল না, তবে অবশ্যই এমন উইকেট ছিল না যেখানে আপনি দুই ইনিংস মিলিয়েও ৯০ ওভার ব্যাট করতে পারবেন না। আমার মনে হয় না, তারা যথেষ্ট ভালো। আমার মনে হয়, তারা টেস্টের ক্ষতি করছে যেমনটা নাসের হুসেইন বলেছেন।”
দ্বিতীয় টেস্ট শেষে অভাবনীয় এক কাণ্ড ঘটায় পাকিস্তান। সরিয়ে দেয় দুই কোচকে। দেশে ফেরত পাঠায় মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হাকদের। পিসিবির এই সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করলেন কার্তিক।
“নাসের হুসাইনের সঙ্গে আমি একমত। কারণ, তারা সাতটি পরিবর্তন করে (তৃতীয় টেস্টের স্কোয়াডে) এবং সাপোর্ট স্টাফেও পরিবর্তন করে (২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর, ছাঁটাই করে টেস্টের প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ ওমার গুলকে।)”
হারের পর পরিবর্তন পাকিস্তান ক্রিকেটে নতুন কিছু নয়। গত তিন বছরে দলটি টেস্টে তিন জন অধিনায়ক ও ছয় জন কোচ দেখেছে। গত পাঁচ বছর পিসিবি পাঁচ জন ভিন্ন চেয়ারম্যান দেখেছে। এতে পরিকল্পনায় ধারাবাহিকতার ঘাটতি তৈরি হয়েছে, যা খেলার উন্নতিতে বাধা তৈরি করেছে।
