১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি গ্রেট ওয়াসিমকে ছাড়িয়ে স্টার্কের রেকর্ড

টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে চারশ উইকেট নিতে পেরেছেন কেবল এই দুইজনই।

পাকিস্তানি গ্রেট ওয়াসিমকে ছাড়িয়ে স্টার্কের রেকর্ড
গোলাপি বল হাতে মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 03:22 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি। ড্রাইভ করলেন হ্যারি ব্রুক। হালকা বেরিয়ে যাওয়া গোলাপি বল তার ব্যাটের বাইরের কানা দিয়ে জমা পড়ল স্লিপ ফিল্ডারের হাতে। ইংলিশ সহ-অধিনায়ককে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক।

ব্রিজবেনে বৃহস্পতিবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রতিপক্ষের ব্যাটিংয়ে ছোটখাটো ধস নামান স্টার্ক। টপ অর্ডারের দুই ব‍্যাটসম‍্যানকে শূন্য রানে ফেরানো অস্ট্রেলিয়ান অভিজ্ঞ পেসার দ্বিতীয় সেশনে বিদায় করেন ব্রুককে।

ব্রুকের উইকেটটি টেস্টে স্টার্কের ৪১৫তম শিকার। ক্রিকেটের অভিজাত সংস্করণে বাঁহাতি পেসারদের মধ্যে যা সর্বোচ্চ। এদিন তিনি পেছনে ফেলেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরামকে। 

১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত ১০৪ টেস্ট খেলে ৪১৪ উইকেট নেন ওয়াসিম। তাকে ছাড়িয়ে যেতে স্টার্কের লাগল ১০২ টেস্ট। যদিও ওয়াসিম বোলিং করেছিলেন ১৮১ ইনিংসে, আর স্টার্ক ১৯৫।

বাঁহাতি পেসারদের মধ্যে এই দুইজন ছাড়া চারশ উইকেট নিতে পারেননি আর কেউ। ৩৫৫ শিকার ধরে তালিকায় তিনে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস।

দিবা-রাত্রির ১৫ টেস্টে মাঠে নেমে এনিয়ে ৮৪ উইকেট নিলেন স্টার্ক। এখানে তার ধারে কাছেও নেই কেউ। তার সতীর্থ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, যিনি চোট সমস্যায় খেলছেন না এই ম্যাচে, তার শিকার ৪৩ উইকেট, ৯ ম্যাচ খেলে।

ওয়াসিমের চেয়ে দুই উইকেট কম নিয়ে ম্যাচটি খেলতে নামেন স্টার্ক। ম্যাচের ষষ্ঠ বলে ইংলিশ শিবিরে আঘাত হানেন তিনি। অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন বেন ডাকেট, পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

প্রথম ওভারে উইকেট নেওয়াকে শিল্পে পরিণত করেছেন স্টার্ক। পার্থ টেস্টের দুই ইনিংসে প্রথম ওভারে জ্যাক ক্রলিকে ফিরিয়েছিলেন তিনি। এবার ডাকেটকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৬বার প্রথম ওভারে উইকেটের স্বাদ পেলেন গতিময় এই বোলার।

টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন শীর্ষে আছেন এই রেকর্ডেও। ২৯ বার প্রথম ওভারে উইকেট শিকার করেছেন ইংলিশ কিংবদন্তি। তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার খুব কাছে পৌঁছে গেছেন স্টার্ক।

নিজের পরের ওভারে অলি পোপকে বোল্ড করে ওয়াসিমের রেকর্ডে ভাগ বসান স্টার্ক। ১৪৪ কিমি. গতির ব্যাক অব দা লেংথ বল স্টাম্পে টেনে আছেন ইংলিশ অভিজ্ঞ ব্যাটসম্যান পোপ। ৫ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করে স্টার্ক।

দ্বিতীয় সেশনে বোলিংয়ে এসে প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন তিনি, ৪টি চারে ৩১ রান করা ব্রুককে ফিরিয়ে। তাতে ভাঙে জো রুটের সঙ্গে জমে যাওয়া ৫৪ রানের জুটি। 

টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি রঙ্গনা হেরাথের। ৯৩ ম্যাচে ৪৩৩ শিকার ধরেছেন লঙ্কান এই স্পিন গ্রেট। এই রেকর্ডটিও নিজের করে নেওয়ার দারুণ সুযোগ আছে স্টার্কের সামনে।