ডিপিএল
Published : 20 May 2026, 10:10 PM
আগের দুই ম্যাচে চল্লিশ ছোঁয়া জাকের আলি এবার করলেন বড় রান। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন ক্যারিয়ার সেরা ইনিংস। তার সেঞ্চুরির দিনে ঝড়ো ব্যাটিংয়ে দারুণ এক কীর্তি গড়লেন তাওহিদ হৃদয়।
ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩৩ রান করেন জাকের। আবাহনী লিমিটেডের মিডল অর্ডার ব্যাটসম্যানের ১০৩ বলের ইনিংসটি গড়া ৯টি ছক্কা ও ১০টি চারে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২১ ম্যাচ খেলা জাকেরের এটা তৃতীয় সেঞ্চুরি।
জাকেরের শতক ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৭৫ রানের সৌজন্যে ৩৪১ রান করে আবাহনী। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে ২৩৫ রানে গুটিয়ে ১০৬ রানের বড় জয় তুলে নেয় গত আসরের চ্যাম্পিয়নরা।
দিনের অন্য ম্যাচে, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। হৃদয়ের ঝড়ে ১৩৪ রানের লক্ষ্যে স্রেফ ১১.৩ ওভারেই পৌঁছে যায় তারা।
চারটি ছক্কা ও ১০টি চারে ২৪ বলে ৭১ রান করেন হৃদয়। অপরাজিত ইনিংসটির পথে ১৭ বলে ফিফটি করেন জাতীয় দলের এই ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। রেকর্ডটি পারভেজ হোসেনের, ১৫ বলে।
সাত ওভারে স্রেফ ১৮ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার অবশ্য জিতে নেন মোহামেডানের সাইফ উদ্দিন। তার সতীর্থ মুশফিক হাসানও ধরেন চার শিকার, ৩৭ রান খরচায়।
আবাহনী ও মোহামেডানের দাপুটে জয়ের দিনে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জ।
ব্রাদার্স ইউনিয়নকে ২৩৯ রানের লক্ষ্য দিয়ে ১ রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। আর ২৫০ রান করে ঢাকা লিওপার্ডসকে ২ রানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ।
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে আট রান প্রয়োজন ছিল ব্রাদার্সের। প্রথম চার বলে পাঁচ রান নেওয়ার পর উইকেট হারায় তারা। শেষ বলে তিন রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি। ৮ উইকেটে ২৩৭ রানে থামে ব্রাদার্স।
ঢাকা লিওপার্ডসের সামনে সমীকরণ ছিল আরও সহজ। তিন উইকেট হাতে নিয়ে শেষ ১৪ বলে তাদের দরকার ছিল ১০ রান। কিন্তু পরপর দুই বলে দুই ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা।
১২ বলে ১০ রানের লক্ষ্যে ছক্কা মেরে সমীকরণ আরও সহজ করে দেন মইন খান। কিন্তু দুই বল পর হাসান মুরাদকে ফিরিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জকে জয়ের আনন্দে ভাসান সামিউন বাশির।