১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছর পর ফিরেই উদারার ১৮৮, অ্যান্টিগায় প্রথম দিন লঙ্কানদের

এক বছর পর টেস্টে ফেরা ওপেনারের সেঞ্চুরিতে ৩৩৮ রান নিয়ে দিন শেষ করেছে লঙ্কানরা।

এক বছর পর ফিরেই উদারার ১৮৮, অ্যান্টিগায় প্রথম দিন লঙ্কানদের
লঙ্কান ওপেনার লাহিরু উদারা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 02:28 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

লম্বা সময় পর টেস্টে ফেরার উপলক্ষ স্মরণীয় করে রাখলেন লাহিরু উদারা। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে তুলে নিলেন প্রথম সেঞ্চুরি। এই ওপেনারের চমৎকার ইনিংসের সৌজন্যে অ্যান্টিগায় প্রথম দিন ভালোভাবে শেষ করল শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারা লঙ্কানরা এবার শুরুটা করল দারুণ। ৫ উইকেটে ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করল সফরকারীরা।

ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট গত বছরের জুনে খেলেন উদারা। বাংলাদেশের বিপক্ষে ওই দুই ম্যাচের তিন ইনিংসে তার সর্বোচ্চ ছিল ৪০ রান। এক বছর পর সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে নেমে এবার পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া।

প্রথম ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ পাথুম নিসাঙ্কার জায়গায় একাদশে এসে ১৮৮ রানের ইনিংস খেলেন উদারা। তার ২৪৮ বলের ইনিংসটি গড়া ৫ ছক্কা ও ২১টি চারে।

এছাড়া ১১ চারে ৮৪ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। তৃতীয় উইকেটে উদারার সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন তিনি। তাদের এই যুগলবন্দি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো উইকেটে লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে গলে দিনেস চান্দিমাল ও দিমুথ কারুনারাত্নের তৃতীয় উইকেটে গড়া ২৩৮ রান রেকর্ড।

হালকা ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা একদমই ভালো হয়নি। চতুর্থ ওভারে শামার জোসেফের বলে পয়েন্টে ধড়া পড়েন নিশান মাদুশকা। শামারের বলেই কিছুক্ষণ পর বিদায় নেন অভিজ্ঞ চান্দিমাল।

২৫ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন উদারা ও কামিন্দু। আত্মবিশ্বাসী শুরু করা উদারা চার মেরে ৫৯ বলে ফিফটি স্পর্শ করেন। আরেক প্রান্তে কামিন্দুও ছিলেন সাবলীল। তিনি পঞ্চাশে পা রাখেন ৭৪ বলে।

কিছুক্ষণ পরই এসে যায় উদারার সেই কাঙ্ক্ষিত ক্ষণ। জেডেন সিলসের শর্ট ডেলিভারিটি ঠিকমতো খেলতে পারেননি তিনি। তবে ব্যাটের কানায় লেগে বল ফাইন লেগ দিয়ে উড়ে পড়ে সীমানায় বাইরে, ছক্কা। ১১৭ বলে সেঞ্চুরিতে পা রাখা উদারা ব্যাট-হেলমেট দুই হাতে উঁচিয়ে ধরে উদযাপন। 

অন্য প্রান্তে কামিন্দুও বাড়াতে থাকেন রান। তাদের ব্যাটে দুইশ ছাড়িয়ে যায় শ্রীলঙ্কার স্কোরও। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি পেয়ে যাবেন কামিন্দুও। কিন্তু উইকেটের পেছনে শেই হোপের চমৎকার স্টাম্পিংয়ে শতক থেকে ১৬ রান দূরে থাকতে বিদায় নিতে হয় তাকে।

এরপর অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভাকে নিয়ে দলের রান তিনশ পার করেন উদারা। চার মেরে ১৯৫ বলে দেড়শ স্পর্শ করেন তিনি। তার ডাবল সেঞ্চুরি মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সব গড়বড় করে দেন আলজারি জোসেফ। তার বাউন্সারে পুল করে উপরে তুলে দেন উদারা, ফাইন লেগ বাউন্ডারিতে ক্যাচ ধরেন শামার জোসেফ।

শেষ হয় চমৎকার একটি ইনিংসের পথচলা। ভাঙে ৯৩ রানে জুটি।

পরের ওভারেই ২ চারে ৩৩ রান করা ধানাঞ্জায়াকে ফিরিয়ে টেস্টে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জেডেন সিলস।

ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান কুসাল মেন্ডিস ও সোনাল দিনুশা দিনের বাকিটা নিরাপদে কাটিয়ে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩৩৮/৫ (মাদুশকা ৬, উদারা ১৮৮, চান্দিমাল ১, কামিন্দু ৮৪, ধানাঞ্জায়া ৩৩, মেন্দিস ০*, দিনুশা ৫*; সিলস ১৭-৪-৭২-১, শামার জোসেফ ১৫-২-৬০-২, আলজারি জোসেফ ১৩-৩-৬২-১, ফিলিপ ১০-০-৫২-০, গ্রিভস ৮-০-২৩-১, চেইস ২০-২-৫৯-০)