০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে এস্তেহেইজেন ও প্রিটোরিয়াসের বড় লাফ

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার যথাক্রমে ৬৫ ও ৬১ ধাপ এগিয়েছেন।

র‍্যাঙ্কিংয়ে এস্তেহেইজেন ও প্রিটোরিয়াসের বড় লাফ
দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কনর এস্তেহেইজেন (বাঁয়ে) ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 03:55 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

নামিবিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন কনর এস্তেহেইজেন ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ব্যাটসম্যানদের তালিকায় যথাক্রমে ৬৫ ও ৬১ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি।

দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন এস্তেহেইজেন ও প্রিটোরিয়াস। পাঁচ ইনিংসে ১২৬ রান করেন এস্তেহেইজেন। নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেন ৮৮ রানের ইনিংস। ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে করেন ৩২ রান। র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ২৫তম স্থানে আছেন তিনি।

সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন প্রিটোরিয়াস। ২০ বছর বয়সী ব্যাটসম্যান চার ইনিংসে ২২৬ রান করেন। পরপর দুই ম্যাচে ৯৪ ও ১০১ রানের ইনিংস উপহার দেওয়া ব্যাটসম্যান ফাইনালে খেলতে পারেননি কুঁচকির চোটে। র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন যৌথভাবে ৪৩তম।

নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ১৬ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে আছেন। দলটির ওপেনার লরেন স্টিনক্যাম্পের উন্নতি ৩২ ধাপ, অবস্থান ৭৩তম।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের ইশান কিষান। ডেওয়াল্ড ব্রেভিস এক ধাপ নিচে নেমে যাওয়ায় এখন চারে ইংল্যান্ডের ফিল সল্ট। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। 

বোলারদের তালিকার প্রথম দশটি স্থানও অপরিবর্তিত আছে। যেখানে চূড়ায় আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান। দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ তিন ধাপ পিছিয়ে যাওয়ায় এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডের সঙ্গে যৌথভাবে একাদশ স্থানে আছেন নাসুম আহমেদ।

জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স ৪ ধাপ উন্নতি করে ইংল্যান্ডের লিয়াম ডসনের সঙ্গে যৌথভাবে ২২ নম্বরে। সিরিজে তিনি ১০ উইকেট নেন।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন ২৭তম স্থানে। দক্ষিণ আফ্রিকান পেসার কেওয়েনা মাফাকার অগ্রগতি ১৬ ধাপ, অবস্থান যৌথভাবে ৩৮তম। তার সতীর্থ বিয়ন ফোরটান ৩৭ ধাপ এগিয়ে আছেন ৭৮তম স্থানে।

টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় রাজা। চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে এরাসমাস।