Published : 26 May 2026, 04:08 PM
৪০ ওভারের ম্যাচে চতুর্দশ ওভারে ক্রিজে গিয়ে মুখোমুখি চতুর্থ বল ছক্কায় উড়িয়ে রানের খাতা খুললেন ম্যাথু ডি ভিলিয়ার্স। এরপর ভয়ঙ্কর রূপে নিজেকে মেলে ধরলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করে খেললেন প্রায় আড়াইশ ছোঁয়া ইনিংস!
ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের ৪০ ওভারের টুর্নামেন্ট নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগে (এনপিসিএল) এই তাণ্ডব চালান ডি ভিলিয়ার্স। ৩৭তম ওভারে আউট হওয়ার আগে স্রেফ ৮৮ বলে ২৪৭ রান করেন তিনি। বিস্ফোরক ইনিংসটিকে সাজান ২২ ছক্কা ও ২৩ চারে।
ডি ভিলিয়ার্সের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ৪৪৭ রানের বড় সংগ্রহ গড়ে লংরিজ ক্রিকেট ক্লাব। পরে ওয়েলি ক্রিকেট ক্লাবকে স্রেফ ১১২ রানে গুটিয়ে ৩৩৫ রানের বিশাল জয় তুলে নেয় তারা।
ডি ভিলিয়ার্সের ঝড়ের সবচেয়ে বড় ঝাপটা যায় জশুয়া ডেনরিথের ওপর দিয়ে। ৩৬তম ওভারে তার প্রতিটি বল ছক্কায় ওড়ান ডি ভিলিয়ার্স। পরের ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৫ বছর বয়সী ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র্সের হয়ে খেলেন ডি ভিলিয়ার্স। দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টির গত আসরে জোবার্গ সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন তিনি। যদিও তেমন ভালো করতে পারেননি, ১১ ইনিংস ১১৬.১৫ স্ট্রাইক রেটে করেন ১৫১ রান।
এসএটোয়েন্টির পর গত মার্চে ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট সিএসএ প্রভিন্সিয়াল ওয়ানডে চ্যালেঞ্জে নর্থ ওয়েস্টের বিপক্ষে ১১৩ রান করেন ডি ভিলিয়ার্স। ওই ম্যাচের চার দিন পর বোল্যান্ডের বিপক্ষে খেলেন ১৩৩ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার ক্যারিয়ার সেরা।
এবার ইংল্যান্ডের ক্রিকেটে খেলতে গিয়ে ডি ভিলিয়ার্স উপহার দিলেন চোখধাঁধানো ইনিংস। এনপিসিএল স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয়। তাই তার নামের পাশে থাকবে না ২৪৭ রানের ইনিংসটি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের নারায়ন জাগাদেসানের। ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে তামিল নাডুর হয়ে আরুনাচলের বিপক্ষে ২৭৭ রান করেছিলেন তিনি।