Published : 29 Jun 2026, 12:53 AM
উইকেটে মুভমেন্ট মিলল বেশ। সহায়ক কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা। সুইং বোলিংয়ের অসাধারণ প্রদর্শনী মেলে ধরলেন কিমার রোচ। স্পর্শ করলেন তিনি দারুণ এক মাইলফলক। শ্রীলঙ্কার ব্যাটিং গুঁড়িয়ে বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় ইনিংস ও ২১৭ রানে।
রস্টন চেইসের নেতৃত্বে ৯ টেস্টে ক্যারিবিয়ানদের প্রথম জয় এটি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল তারা আট বছর পর, ইনিংস ব্যবধানে জয় এটিই প্রথম।
ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম বোলার হিসেবে এ দিন ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী রোচ। ৫১ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে দলের সফলতম বোলার তিনিই।
ম্যাচের চতুর্থ দিন রোববার দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় স্রেফ ১০১ রানে।
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক আমির জাঙ্গু। এই ম্যাচে তার খেলার কথাই ছিল না, হঠাৎ পাওয়া সুযোগে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই উপহার দেন অসাধারণ এক ডাবল সেঞ্চুরি। চেইসের সঙ্গে গড়েন ষষ্ঠ উইকেটে টেস্ট ইতিহাসে প্রথম চারশ ছোঁয়া জুটি। তাদের রেকর্ড জুটিতে বিপর্যয় কাটিয়ে ৬২৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।
ব্যাট হাতে চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যিনি, সেই চেইস খেলেন ১৯৪ রানের অধিনায়কোচিত ইনিংস।
১ উইকেটে ১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম ওভারেই দুর্দান্ত এক ইনসুইঙ্গারে নিশান মাদুশকাকে এলবিডব্লিউ করে দেন রোচ। পরের ওভারে আগের দিন ‘নাইটওয়াচম্যান’ নামা কাসুন রাজিথাকে বিদায় করেন জেডেন সিলস।
শ্রীলঙ্কার হয়ে যা একটু লড়াই করতে পারেন দিনেশ চান্দিমাল। তিনি ছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
শামার জোসেফ পরপর দুই ওভারে ফেরান কামিন্দু মেন্ডিস ও ধানাঞ্জায়া ডি সিলভাকে। বল ছেড়ে দিয়ে বোল্ড হন কামিন্দু। ফুল লেংথ বলে এলবিডব্লিউ হন লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া।
কামিন্দুর মতোই বল ছেড়ে দিয়ে বোল্ড হন কুসাল মেন্ডিস। ৬ উইকেটে ৮১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতির পর বাকি ব্যাটসম্যানদের আউট করতে ওয়েস্ট ইন্ডিজের লাগে কেবল ৬.১ ওভার।
একই ওভারে চান্দিমাল (৬০ বলে ৪০) ও মিলান রাত্নায়েকের উইকেট নিয়ে মাইলফলকের দুয়ারে পৌঁছে যান রোচ। পরের ওভারে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে তিনশ উইকেট পূর্ণ করেন অভিজ্ঞ পেসার।
লাহিরু কুমারাকে বোল্ড করে তৃতীয় শিকার ধরার পাশাপাশি শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন সিলস।
৮৯ টেস্টে রোচের উইকেট এখন ঠিক ৩০০টি। ম্যাচ শেষে তার হাতে তুলে দেওয়া হয় ৩০০ উইকেট লেখা বিশেষ একটি জার্সি। ফাস্ট বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার চেয়ে বেশি টেস্ট উইকেট রয়েছে কেবল কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও ম্যালকম মার্শালের।
একই মাঠে আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৮
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬২৬/৯ (ডি.)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩১.২ ওভারে ১০১ (আগের দিন ১৫/১ (মাদুশকা ২, রাজিথা ৪, চান্দিমাল ৪৩, কামিন্দু মেন্ডিস ৯, ধানাঞ্জায়া ০, কুসাল মেন্ডিস ৮, দিনুশা ১২*, রাত্নায়েকে ০, আসিথা ০, কুমারা ৯; রোচ ১১-০-৫১-৪, সিলস ১০.২-৩-১৪-৩, শামার ৫-০-১৯-২, আলজারি ৫-১-১১-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৭ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
ম্যান অব দা ম্যাচ: আমির জাঙ্গু