১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে ১ হাজার ৪৬৮ দিনে প্রথমবার মাঠের বাইরে গিল

অধিনায়ককে ছাড়াই রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স।

আইপিএলে ১ হাজার ৪৬৮ দিনে প্রথমবার মাঠের বাইরে গিল
এবারের আইপিএলে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচে খেলতে পারছেন না শুবমান গিল। ছবি: গুজরাট টাইটান্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 10:06 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

গুজরাট টাইটান্সের প্রতীক হয়ে উঠেছেন শুবমান গিল। আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির পথচলার শুরু থেকেই এই জার্সিতে খেলছেন তিনি। চার বছরের মধ্যে প্রথমবার ভারতীয় এই ব্যাটসম্যানকে ছাড়া মাঠে নেমেছে দলটি। 

আইপিএলের ১৯তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক গিলকে পায়নি গুজরাট। শনিবার আহমেদাবাদে তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া রাশিদ খান টসের সময় জানান, ২৬ বছর বয়সী ব্যাটসম্যান পেশির চোটে ভুগছেন। 

২০১৮ সালে গিলের আইপিএলে অভিষেক হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেওয়ার পর, ২০২২ সালে নিজেদের প্রথম আসরের আগে নিলামে এই ব্যাটসম্যানকে আট কোটি রুপিতে দলে নেয় গুজরাট। তারপর থেকেই দলটিতে খেলছেন তিনি। ২০২৪ আসরের আগে পান অধিনায়কত্ব।  

শনিবারের আগে আইপিএলে গুজরাটের ৬১ ম্যাচের প্রতিটিতেই খেলেছেন গিল। ৪৬.০৭ গড় ও ১৪৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন দুই হাজার ৪৮৮।   

আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির ৬২ ম্যাচের প্রতিটিতে খেলেছেন কেবল রাশিদ খান ও রাহুল তেওয়াতিয়া। 

এবারের আসরে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে গুজরাট।