Published : 05 Aug 2026, 06:14 PM
জরুরি ব্যক্তিগত প্রয়োজনে দা হান্ড্রেডের মাঝপথে ইংল্যান্ড ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন এইডেন মার্করাম।
টুর্নামেন্টের বাকি অংশ আর খেলবেন না ম্যানচেস্টার সুপার জায়ান্টস অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার।
মার্করামের জায়গায় নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নিয়েছে ম্যানচেস্টার।
সুপার জায়ান্টসের তিন ফ্র্যাঞ্চাইজি- লক্ষ্নৌ, ডারবান ও ম্যানচেস্টারের হয়ে খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মার্করাম। গত মার্চে হান্ড্রেডের দলটির অধিনায়ক হন তিনি।
টানা দুই জয় দিয়ে আসর শুরু করে ম্যানচেস্টার। তবে হেরে যায় পরের তিন ম্যাচে। মার্করাম নিজেও ধারাবাহিক ছিলেন না। প্রথম চার ম্যাচ মিলিয়ে তিনি করেন ৬৭ রান। তবে সবশেষ ম্যাচে খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
ম্যানচেস্টার বুধবার এক বিবৃতিতে টুর্নামেন্ট ছেড়ে মার্করামের দেশে ফিরে যাওয়ার খবর জানায়। তারা আশাবাদী, পরের আসরে পাওয়া যাবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে।
মার্করামের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বুধবারের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন বাটলার। দা হান্ড্রেডের প্রথম তিন আসরে ম্যানচেস্টার অরিজিনালসের অধিনায়ক ছিলেন তিনি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর, এই প্রথম অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
খেলার মধ্যেই ছিলেন ৩৫ বছর বয়সী ব্রেসওয়েল। লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেন তিনি। গত বছর সাউদার্ন ব্রেভের হয়ে তিনি দা হান্ড্রেডে খেলেন। সেবার তেমন একটা ভূমিকা রাখতে পারেননি এই অলরাউন্ডার।
মার্করাম চলে যাওয়ায় একাদশে প্রথমবারের মতো বদল আনতে বাধ্য হচ্ছে ম্যানচেস্টার। প্রথম পাঁচ ম্যাচ একই একাদশ নিয়ে খেলেছে তারা।