১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে ভারত শিবিরে জোড়া ধাক্কা

হাঁটুতে চোট পেয়েছেন এবারের ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলা নিতিশ কুমার রেড্ডি, পরের ম্যাচে খেলতে পারবেন না আর্শদিপ সিংও।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে ভারত শিবিরে জোড়া ধাক্কা
সতীর্থদের সঙ্গে উদযাপনে নিতিশ কুমার রেড্ডি (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

চোট যেন ভারতের পিছুই ছাড়ছে না। বিভিন্ন সমস্যায় ভুগছেন ইংল্যান্ড সফরে থাকা দলটির কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় এবার নতুন সংযোজন নিতিশ কুমার রেড্ডি। চোটের থাবায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সোমবার বিবৃতিতে জানিয়েছে, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন নিতিশ। শিগগিরই দেশে ফিরে যাবেন চলতি সফরে দুটি টেস্ট খেলা ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, জিম করার সময় এই চোট হানা দিয়েছে নিতিশের শরীরে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি নিতিশ। পরে তাকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলায় ভারত। এজবাস্টনে দলের জয়ের ম্যাচে কিছুই করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেন একটি করে রান, ছিলেন উইকেটশূন্য।

লর্ডসে অবশ্য ভালোই খেলেন নিতিশ। প্রথম ইনিংসে একই ওভারে ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসেও তার শিকার হন ক্রলি। আর ব্যাট হাতে দুই ইনিংস করেন ৩০ ও ১৩ রান। শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ পর্যন্ত ২২ রানে হেরে যায় ভারত।

ভারতের হয়ে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলেছেন নিতিশ। এক সেঞ্চুরিতে রান ৩৪৩, উইকেট নিয়েছেন ৮টি।

বিসিসিআইয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার আর্শদিপ সিংও। নেটে বোলিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি।

লর্ডস টেস্টে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া আকাশ দিপকে নিয়েও রয়েছে শঙ্কা। গণমাধ্যমের খবর, কুঁচকির চোটে ভুগছেন এই পেসার। যদিও তাকে নিয়ে বিবৃতিতে কিছু জানায়নি বিসিসিআই।

সবশেষ টেস্টে প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহর একটি ডেলিভারি গ্লাভসে জমাতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান রিশাভ পান্ত। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। পরে তার বদলি হিসেবে কিপিং করেন ধ্রুভ জুরেল।

ম্যাচের দুই ইনিংসেই চোট নিয়ে ব্যাটিং করেন পান্ত। প্রথম ইনিংসে ৭৪ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

কিপিং করতে না পারলেও কেবল ব্যাটসম্যান হিসেবে পান্তকে চতুর্থ টেস্টে খেলানোর কথা ভাবছে ভারত। আর এমনটা হলে একাদশে ফিরতে পারেন জুরেল।

চোট জর্জরিত ভারত হারিয়ানার পেসার আনশুল কম্বোজকে দলে যোগ করেছে। ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিন ইনিংসে মোট পাঁচ উইকেট নেন ২৪ বছর বয়সী ডানহাতি এই পেসার। ওভার প্রতি রান দেন তিনের একটু বেশি।

এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আনশুলের শিকার ৭৯ উইকেট। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। একটি ফিফটিতে তার নামের পাশে রান ৪৮৬। সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। দুই দলের পরের টেস্ট শুরু আগামী বুধবার।