Published : 15 Jul 2026, 09:52 PM
একজনের বয়স ৪১, আরেকজনের ৩৯। বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে এখনও সবুজ আঙিনায় দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবল বিশ্বের দুই মহাতারকা এই বয়সেও দেশের হয়ে খেলতে পারলে, ক্রিকেটারদের বয়স নিয়ে এত মাতামাতি কেন, প্রশ্ন তুলেছেন মোহাম্মাদ কাইফ।
ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, একজন খেলোয়াড় ফিট থাকলে এবং পারফর্ম করার সামর্থ্য ধরে রাখলে শুধু বয়সের কারণে তাকে নিয়ে প্রশ্ন তোলা মোটেও উচিত নয়।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোহিত শার্মা ও ভিরাট কোহলির ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং বয়স বিতর্ক। ২৫৯ রান তাড়ায় দেশটির সাবেক দুই অধিনায়ক রোহিত ও কোহলি যথাক্রমে করেছেন ১১ ও ৫ রান। শুবমান গিলের ৮০ রানের ইনিংসের পাশাপাশি ওয়াশিংটন সুন্দার ও আকসার প্যাটেলের ফিফটিতে ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।
মূলত রোহিত ও কোহলির বয়স নিয়ে চর্চা, তাদের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা পছন্দ হচ্ছে না কাইফের। আর এই কারণেই রোনালদো ও মেসির উদাহরণ টেনেছেন ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা ক্রিকেটার।
বয়স চল্লিশ পেরিয়ে গেলেও, চলমান বিশ্বকাপে পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনালদো। দলটির অধিনায়কও তিনিই। যদিও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফরোয়ার্ড। গোল করতে পারেন কেবল তিনটি। স্পেনের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় তার দল।
আর বিশ্বকাপের মাঝেই ৩৯তম জন্মদিনের কেক কাটেন মেসি। অধিনায়কের কাঁধে ভর করে সেমি-ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ৮ গোল করে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এ আলোচনায় কাইফ বলেন, অভিজ্ঞতাকে উপেক্ষা করে ভারতীয় ক্রিকেটে তরুণদের সুযোগ দেওয়ার প্রবণতা চলছে। এই ধারাকে ভুল উল্লেখ করে সাবেক ক্রিকেটার প্রশ্ন তোলেন ক্রিকেটারদের বয়স নিয়ে এত আলোচনা নিয়ে।
“ভুল একটি ধারা চলছে, যেখানে মূল নীতি হয়ে দাঁড়িয়েছে তরুণদের দলে দেওয়া, কারণ তারা ছক্কা মারছে। কিন্তু ভালো ও সফল দলে তারুণ্য ও অভিজ্ঞতার একটি মিশেল থাকে।
যদি রোনালদো ও মেসির দিকে তাকান, তাদের বয়স ৪০ এর আশেপাশে এবং তারা এখনও দেশের হয়ে দ্রুতগতির এই খেলায় খেলছে। যদি তারা ফিট থাকে এবং দক্ষতা ধরে রাখতে পারে, তাহলে ক্রিকেটে আমরা কেন বয়সের পেছনে ছুটছি?”
বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টায় বাংলাদেশ সময় ১৬ জুলাই ১টায় (এএম) শুরু হবে মাঠের লড়াই।
ভারত ও ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ১৬ ও ১৯ জুলাই।