Published : 05 Jun 2026, 05:54 PM
দিনের শুরুতে প্রচন্ড গরম থাকলেও দুপুর নাগাদ ঢাকাজুড়ে ছিল শুরু হয় বৃষ্টি আর বজ্রপাত। তাতেই থমকে গেছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। ছয় ম্যাচের পাঁচটিই গড়িয়েছে রিজার্ভ ডেতে। যে অবস্থায় শেষে হয়েছে, শনিবার সেখান থেকে ম্যাচের বাকি অংশ হবে। হালকা বৃষ্টি আর বজ্রপাতের সঙ্গে আলোকস্বল্পতা ও ভেজা আউটফিল্ডের কারণেও দিনের শেষভাগে এসে ম্যাচগুলো শুরু করা যায়নি।
ঢাকা লিগে শুক্রবার ছয় ম্যাচ হওয়ার কথা থাকলেও ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ম্যাচ বর্জন করায় ওয়াক ওভার পেয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বাকি পাঁচ ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়। এই পাঁচ ম্যাচের তিনটিতে খেলা বন্ধ হয়েছে দ্বিতীয় ইনিংসের শুরুতে। বাকি দুই ম্যাচে আগে ব্যাট করা দলের ব্যাটিংই শেষ হয়নি। বৃষ্টি বাগড়া না দিলে দুই ম্যাচ পূর্ণ ৫০ ওভারেরই হবে রিজার্ভ ডেতে।
বিকেএসপির তিন নম্বর মাঠে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড। এই ম্যাচে আগে ব্যাট করে ইরফান শুক্কুরের সেঞ্চুরি ও মেহেদি হাসান মিরাজের ৭২ রানে ভর করে ২৭৫ রানে অলআউট হয় লেজেন্ডস অব রূপগঞ্জ। ঈদের আগে শেষ রাউন্ডে ৭৫ বলে ক্যারিয়ার সেরা ১২৭ রানের ইনিংস খেলা ইরফান করেছেন ৯৯ বলে ১১৯।
বৃষ্টির কারণে রান তাড়ায় নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে পারেনি আবাহনী। বৃষ্টি থামলে আবাহনীর সামনে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৬৩ রান। ৬ ওভারে ১ উইকেটে হারিয়ে ৫১ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ফের বৃষ্টি নামায় খেলা গড়ায় রিজার্ভ ডেতে।
ইউল্যাব মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২৭.৫ ওভারে ২ উইকেটে ১০৬ রান তোলে বসুন্ধরা স্ট্রাইকার্স। পরে বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায় রিজার্ভ ডেতে বাকি খেলা হবে বলে জানায় ম্যাচ অফিসিয়ালসরা। বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে ৮৭ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান অপরাজিত ৪০ রানে।
পিকেএসপিতে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪২ ওভারে ৪ উইকেটে ৩৩৩ রানে থামে মোহামেডানের ইনিংস। টানা দ্বিতীয় সেঞ্চুরিতে তাওহিদ হৃদয় করেন ৬৬ বলে অপরাজিত ১০১। মুশফিকে ব্যাট থেকে আসে ৫৫ বলে ১০০। এই দুজনের ঝড়ের আগে ওপেনিংয়ে ৬৮ বলে ৬২ রান করেন এনামুল হক, ৬০ বলে ৫৩ মোহাম্মদ নাঈম শেখ।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ৩৩৫ রান। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৪১ রান করেছে গাজী গ্রুপ। পরে বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায় রিজার্ভ ডেতে হবে ম্যাচের বাকি অংশ।
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিশ্চিত হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সিটি ক্লাব। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগে ব্যাট করে ২০১ রানে অলআউট হয় গুলশান। ৯০ রানে রান আউট হন অধিনায়ক শাহাদাত হোসেন সবুজ। পরে বৃষ্টির কারণে সিটি ক্লাবের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২০৪ রান। কিন্তু যে ১২ ওভার খেলা হয়েছে, তাতেই ধ্বংসস্তূপ সিটি ক্লাব। ৭ উইকেটে তাদের রান মোটে ৪২।
ক্রিকেটার্স একাডেমিতে মাত্র ১৭ ওভার খেলা হয়েই বন্ধ হয়েছে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ১ উইকেটে ৭৫ রান তোলে প্রাইম ব্যাংক। পরে বৃষ্টি আর আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা।