‘ট্রফিটা ঘরে নিয়ে আসো’, কোহলিকে বললেন ডি ভিলিয়ার্স
আইপিএল ফাইনালের আগে দীর্ঘ দিনের সতীর্থ ও বন্ধু ভিরাট কোহলির প্রতি এই বার্তা দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে লম্বা সময় একসঙ্গে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স ও ভিরাট কোহলি। ২০১৬ সালে খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেননি তারা। ডি ভিলিয়ার্সের অবসরের পর আরও একবার ফাইনালের মঞ্চে কোহলি। ম্যাচের আগে সাবেক সতীর্থ ও বন্ধুকে বিশেষ বার্তা দিলেন ডি ভিলিয়ার্স।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু খেলা।
আগের ১৭ আসরে তিনবার ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। প্রতিবারই হতাশা আর আক্ষেপে শেষ হয়েছে তাদের যাত্রা। এর মধ্যে ২০১১ ও ২০১৬ সালের আসরে মাঠে থেকেই ফাইনালে দলের পরাজয় দেখেছেন কোহলি ও ডি ভিলিয়ার্স।
৮ আসর পর আবার শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলি এখনও আছেন মাঠে। তবে খেলা ছেড়ে বিশেষজ্ঞের ভূমিকা নিয়েছেন ডি ভিলিয়ার্স। পাঞ্জাবের বিপক্ষে ফাইনাল সামনে রেখে স্টার স্পোর্টসের ভিডিওতে কাছের বন্ধুর জন্য বিশেষ বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান গ্রেট।
“ভিরাটের জন্য আমার বার্তা, মাঠে গিয়ে উপভোগ করো, আনন্দ করো। মুখে সবসময় হাসি ধরে রাখো। আমি তোমার খেলা দেখতে সেখানে থাকব। ওই (আইপিএল) ট্রফিটা ঘরে নিয়ে আসো। প্রতিটি মুহূর্ত উপভোগ করো।”
টুর্নামেন্টের প্রথম আসর থেকে অংশ নিয়েও কোনো শিরোপা নেই। তবু আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর একটি বেঙ্গালুরু।
চলতি আসরেও ব্যতিক্রম ঘটেনি। শুরু থেকেই মাঠে ও সামাজিক মাধ্যমে কোহলিদের হয়ে গলা ফাটাচ্ছেন ভক্তরা। স্মরণীয় একটি ফাইনালের জন্য তাদের প্রস্তুত থাকতে বললেন ডি ভিলিয়ার্স।
“সমর্থকদের বলব, তৈরি হয়ে যান। দুর্দান্ত একটি ফাইনাল হতে চলেছে। অনেক দিন মনে রাখার মতো একটি ম্যাচ হতে চলেছে। নিশ্চিত থাকুন, ম্যাচের শেষ বল পর্যন্ত ছেলেরা নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেবে।”
