Published : 25 Jul 2025, 11:25 AM
ইংল্যান্ড দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার জন্য নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ছুটি পেয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। কিন্তু জাতীয় দলের জরুরি ডাক এলে তো আর কিছু করার থাকে না। শেষ পর্যন্ত তাই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে থাকতেই হচ্ছে এই অলরাউন্ডারকে।
ব্রেসওয়েলকে নিউ জিল্যান্ডের প্রয়োজন পড়ছে গ্লেন ফিলিপস চোটে পড়ায়। দিন দশেক আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার সময় চোটে পড়েন তিনি। জিম্বাবুয়েতে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলতে পারছেন না এই অলরাউন্ডার। মাঠের বাইরে থাকতে হবে তাকে আরও কিছুদিন। এই স্পিনিং অলরাউন্ডারের বদলি হিসেবে আরেক স্পিনিং অলরাউন্ডারকে বেছে নিয়েছে নিউ জিল্যান্ড।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার পরই ইংল্যান্ডে চলে যাওয়ার কথা ছিল ব্রেসওয়েলের। সেখানে দা হান্ড্রেড-এ তিনি খেলবেন সাউদার্ন ব্রেভের হয়ে। ১০০ বলের ক্রিকেটে আসরে এবার তার দলের প্রথম ম্যাচ আগামী ৬ অগাস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে নিউ জিল্যান্ডের প্রথম টেস্টে পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হবে ৩ অগাস্ট।
টেস্ট খেলার পর কিছুটা ক্লান্তি নিয়েই ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিতে হবে ব্রেসওয়েলকে। তবে এই সময়ের ক্রিকেটে এসব খুবই স্বাভাবিক হয়ে উঠেছে ক্রিকেটারদের জন্য।
দ্বিতীয় টেস্টের আগে ফিলিপস ফিট হয়ে উঠবেন নাকি অন্য কাউকে দলে যোগ করা হবে, সময় হলেই সিদ্ধান্ত হবে বল জানিয়েছেন নিউ জিল্যান্ডের নতুন কোচ রব ওয়াল্টার।
“গ্লেনের (ফিলিপস) চোটে টেস্ট স্কোয়াডে একটি জায়গা ফাঁকা হয়েছে এবং মাইকেল (ব্রেসওয়েল) সবচেয়ে কাছাকাছি একইরকম বিকল্প। মাইকেলের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য বড় সম্পদ এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে একই ভারসাম্য ধরে রাখতে। সে এখানে টি-টোয়েন্টি স্কোয়াডে আছে এবং প্রথম টেস্টে যেহেতু তাকে পাওয়া যাবে, সুযোগটি আমরা নিচ্ছি।”
“প্রথম টেস্ট শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব দ্বিতীয় টেস্টে তার বদলে কাকে নেওয়া হবে।”
নিউ জিল্যান্ডের সীমিত ওভারের দলে ব্রেসওয়েল নিয়মিত সদস্য হলেও চোট ও নানা কারণ মিলিয়ে টেস্ট খেলেন না তিনি দুই বছরের বেশি সময় ধরে। ৩৪ বছর বয়সী অলরাউন্ডার আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারের সবশেষটি খেলেছিলেন ২০২৩ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে।
জিম্বাবুয়ের বিপক্ষে নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট শুরু ৩০ জুলাই, পরেরটি ৭ অগাস্ট। দুটি ম্যাচই বুলাওয়ায়োতে, যেখানে সাধারণত স্পিনারদের ভূমিকা থাকে কিছু।