১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার সাংবাদিকদের খেলায় ভুল ধরার চেষ্টা করবেন সোহান

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ টুর্নামেন্টে মাঠে গিয়ে খেলা দেখার চেষ্টা করবেন এই কিপার-ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

“চেষ্টা করব যেন মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি। কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন, একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব”, হাসতে হাসতে বললেন নুরুল হাসান সোহান। তার কথায় হাসির রোল পড়ে গেল সংবাদ সম্মেলন কক্ষেও। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে ৩২টি দল নিয়ে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র আয়োজনে এসে এভাবেই মজা করলেন জাতীয় দলের কিপার-ব্যাটার।

আয়োজনের মাঝপথেই অবশ্য শের-ই-বাংলা স্টেডিয়ামের পথে ছুটতে হলো সোহানকে। জাতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে মিরপুরে বিশেষ ক্যাম্পে নিয়মিত চলছে ব্যাটিং ঝালাই। সোহানও আছেন সেখানে। 

ব্যাট হাতে সময়টা তার ভালো কাটছে না। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়ে রান করেছেন ৫ ও ১, আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলে করেছেন ৫। বিপিএলের আগে ক্যাম্পে তাই ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগটা মিলছে।

তার নিজের জন্য তো বটেই, অন্যদের জন্যও এই ক্যাম্প কার্যকর হবে বলে বিশ্বাস সোহানের। 

“এরকম ক্যাম্প আসলে করার সুযোগ খুব একটা পাওয়া যায় না। যেহেতু বিপিএলের আগে একটা ফাঁকা সময় আছে, বিপিএল শুরু হয়ে গেলে… এর পরপরই বিশ্বকাপ, সবাই আসলে ব্যস্ত হয়ে যাবে ম্যাচের ভেতর। আমার কাছে মনে হয়, যে যার জায়গা থেকে যতটুকু উন্নতি করার সুযোগ আছে, এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করা হচ্ছে।”

“আমরা তো সব একসঙ্গে অনুশীলন করে অভ্যস্ত বা একসঙ্গেই করা হয়। এখানে সুনির্দিষ্টভাবে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুজন নিয়ে কাজ করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে, একটু ভিন্ন এটা। ব্যাটসম্যানরাও সুনির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে।”

সংবাদকর্মীদের নিয়ে সোমবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিপিএল দল রংপুর রাইডার্স। সোহানের অধিনায়কত্বে গত বছর গায়ানায় গ্লোবাল সুপার লিগ জিতেছিল দলটি। এবারের বিপিএলেও হয়তো তার নেতৃত্বেই খেলবে রংপুর। 

বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের মতো থাকছে না এবারও। গত দুই আসরের শিরোপাজয়ী ফরচুন বরিশালও নেই এবার। দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে রংপুর যে দল গড়েছে, তাতে অনেকটা এগিয়ে থেকেই ফেভারিট হিসেবে এবারের টুর্নামেন্ট নামবে তারা। 

“অবশ্যই আশা করব ভালো খেলার। পাশাপাশি এটাও বলতে হবে, বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। আমরা সবাই চাইব মাঠে সেরা পারফরম্যান্স করতে।”

“রংপুর সবসময় ভালো দল গড়ে। প্রতিবারই ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওভাবেই দল করা হয়। তবে যেটা বললাম, আমাদের আসলে মাঠে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে।”

এবারের বিপিএল শুরু সিলেটে আগামী ২৬ ডিসেম্বর। রংপুর রাইডার্সের অনুশীলন শুরু আগামী রোববার।