২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চমৎকার সেঞ্চুরিতে বাবর-রুশোর পাশে ফাখার

পাকিস্তান সুপার লিগে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় যৌথভাবে চার জনের সঙ্গে শীর্ষে বসলেন লাহোর কালান্দার্সের এই ওপেনার।

চমৎকার সেঞ্চুরিতে বাবর-রুশোর পাশে ফাখার
টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি করলেন ফাখার জামান। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

আলজারি জোসেফের বলে চার ও ছক্কা মেরে নব্বইয়ের ঘরে গেলেন ফাখার জামান। এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করলেন না লাহোর কালান্দার্সের বিস্ফোরক ওপেনার। আবরার আহমেদের ওভারে চারের পর ছক্কা মেরে পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া। এতে একটি রেকর্ডে বসলেন বাবর আজম, রাইলি রুশোদের পাশে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মঙ্গলবার ৫১ বলে ৬ ছক্কা ও ১৪ চারে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফাখার। টি-টোয়েন্টিতে এটি তার চতুর্থ সেঞ্চুরি, চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম।

সব মিলিয়ে পিএসএলে এটি ফাখারের তৃতীয় সেঞ্চুরি। তিনটি করে সেঞ্চুরিতে পাকিস্তানের এই টুর্নামেন্টে আগে থেকেই চূড়ায় আছেন বাবর, রুশো, কামরান আকমল ও ওসমান খান। 

দ্বিতীয় ওভারের প্রথম বলে ফাখারের বিপক্ষে রিভিউ নিয়ে ব্যর্থ হয় লাহোর। সেই ডেলিভারিতেই রানের খাতা খোলেন বাঁহাতি ওপেনার।

প্রথম সাত বলে দুই রান করা ফাখার ডানা মেলেন চতুর্থ ওভারে, খালিল আহমেদের চার বলের মধ্যে মারেন তিনটি চার। 

পাওয়ার প্লের শেষ ওভারে ব্রেট হ্যাম্পটনের ওভারে দুটি করে ছক্কা ও চারে ২২ রান নেন ফাখার। নবম ওভারে উসমান তারিককে চার মেরে ২৭ বলে স্পর্শ করেন পঞ্চাশ। এরপর আরও বাড়ান রানের গতি। 

প্রতি ওভারেই ফাখারের ব্যাট থেকে আসতে থাকে বাউন্ডারি। পঞ্চদশ ওভারে আবরারকে ছক্কা মেরে তিন অঙ্ক ছোঁয়ার পথে গড়েন আরেকটি দারুণ কীর্তি। লাহোরে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি টি-টোয়েন্টিতে স্পর্শ করেন হাজার রানের মাইলফলক। 

৫০ বলে সেঞ্চুরি করার পর, তারিকের বলে ছক্কার চেষ্টায় ফাখার ধরা পড়েন শামিল হুসেইনের হাতে।