১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রাশিদ লাতিফ

নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে যে আশ্বাস দিচ্ছে আইসিসি, তা পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 06:09 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছিল বাংলাদেশ, আইসিসি সেটা নাকচ করে দেওয়ায় খুবই বিরক্ত রাশিদ লাতিফ। কঠিন এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন তিনি। পাকিস্তানের প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়াও উচিত বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বুধবারের খবর অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি-না বাংলাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় দেওয়া হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিবিকে। ভারতে না গেলে, তাদের বদলি হিসেবে অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে বলে আইসিসির সভায় ভোটাভুটিতে এই রায় এসেছে।

বিসিবি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ দল। সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিসিবির অনুরোধ বুধবার খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটে। নিজেদের বাইরে স্রেফ আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে বলে জানা গেছে।

বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় ও একটি ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা। আইসিসি বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই হবে।

বাংলাদেশ না গেলে র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড।

ভারতের না যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের মাটিতে আয়োজন করতেও আগ্রহী তারা। এমনকি বুধবার ক্রিকইনফোর খবরে এসেছে, বাংলাদেশের সমর্থনে আইসিসিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিঠি পাঠানোর বিষয়টি।

বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে আসছে বিশ্বকাপ তাদের ছাড়াই হতে যাচ্ছে, এটা একরকম নিশ্চিত। এই সময়ে পিসিবিকে কঠিন সিদ্ধান্ত নিতে বললেন দেশের সাবেক কিপার-ব্যাটসম্যান রাশিদ লাতিফ।

“পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না নয়, অর্ধেক বিশ্বকাপই শেষ। এখনকার ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ একটি সুযোগ। পাকিস্তানের বলা উচিত যে, তারা বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে। এখনই উপযুক্ত সময় অবস্থান নেওয়ার। এটা করতে হলে শক্ত মনোবল প্রয়োজন।”

আইসিসি বুধবারের বিজ্ঞপ্তিতে লিখেছে, স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের ক্রিকেটার, সংবাদকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের কোনো ঝুঁকি বা হুমকি দেখছে না তারা। ক্রিকেটের নিয়ন্তা সংস্থার এমন কথা একদমই ভালো লাগেনি রাশিদ লাতিফের।

আইসিসি যেভাবে পুরো বিষয়টি সামলেছে, তার কড়া সমালোচনা করেছেন তিনি। তার মতে, নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে যে আশ্বাস দিচ্ছে আইসিসি, তা মোটেও ঠিক নয়।

“এটা ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থাই বলতে পারে না যে, কোনো বিপদ হবে না- আইসিসি কীভাবে তা বলতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না। আশা করি, কোন দলেরই কিছু হবে না।”

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।