১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির দাপটে সিরিজ ইংল্যান্ডের

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছে ইংলিশরা।

বৃষ্টির দাপটে সিরিজ ইংল্যান্ডের
উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে ব্রাইডন কার্সের উদযাপন। ছবি: ইংল্যান্ড ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

কোনো বাধা ছাড়াই শুরু হলো খেলা। কিন্তু তিন বল যেতেই হানা দিল বৃষ্টি। ওভার কমিয়ে কিছুক্ষণ খেলা চলার পর ফের প্রকৃতির বাগড়া। এরপর আর খেলাই সম্ভব হলো না।

অকল্যান্ডে বৃহস্পতিবার বৃষ্টিতে ভেস্তে যায় নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে কিউইরা খেলতে পারে ৩.৪ ওভার, ১ উইকেট হারিয়ে করে ৩৮ রান।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিও একই কারণে পরিত্যক্ত হয়েছিল। গত শনিবারের ওই ম্যাচে ইংল্যান্ড ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৫৩ রান করার পর আর খেলা হয়নি।

দ্বিতীয় টি-টোয়েন্টি ৬৫ রানে জিতে সিরিজে এগিয়ে যায় ইংলিশরা। ওই এক জয়েই তিন টি-টোয়েন্টির সিরিজটি ১-০ ব্যবধান জিতল সফরকারীরা।

ইডেন পার্কে এদিন ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বলে লুক উডকে দুটি চার মারেন টিম সাইফার্ট। এরপর বৃষ্টি নামলে পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। 

ম্যাচ ১৪ ওভারে কমিয়ে এনে ফের খেলা শুরু হলে ব্রাইডন কার্সকে ছক্কায় ওড়ান সাইফার্ট। ওই ওভারে টিম রবিনসনকে ফিরিয়ে দেন কার্স।

চতুর্থ ওভারে কার্সকে একটি করে ছক্কা মারেন রাচিন রাভিন্দ্রা ও সাইফার্ট। এরপর আবার চলে এক ঘণ্টার অপেক্ষা। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

দুটি করে ছক্কা-চারে ১১ বলে ২৩ রান করেন সাইফার্ট। এক ছক্কায় ১০ রান করেন রাভিন্দ্রা।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী রোববার শুরু হবে দল দুটির তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ হ্যামিল্টন ও ওয়েলিংটনে, ২৬ অক্টোবর ও ১ নভেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৩.৪ ওভারে ৩৮/১ (সাইফার্ট ২৩, রবিনসন ২, রাভিন্দ্রা ১০; উড ২-০-১৩-০, কার্স ১.৪-০-২৫-১)

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড

ম্যান অব দা সিরিজ: হ্যারি ব্রুক