২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার দায়িত্বে ভারতের সাবেক ব্যাটিং কোচ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর চার দিন আগে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন ভিক্রাম রাঠোর।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার দায়িত্বে ভারতের সাবেক ব্যাটিং কোচ
ভিক্রাম রাঠোর। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 07:19 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিক্রাম রাঠোরকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর চার দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন ভারতের সাবেক এই কিপার-ব্যাটসম্যান ও সাবেক ব্যাটিং কোচ। 

শ্রীলঙ্কা ক্রিকেট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতির ওপর জোর দিয়ে রাঠোরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কাজ করবেন তিনি। 

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৮ মার্চ।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দেশের সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে যাবে তার সেই দায়িত্ব। ভারতীয় দলের কোচিং স্টাফের আরেক সাবেক সদস্য রামাকৃষ্ণান শ্রিধারকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে চারিথ আসালাঙ্কার স্থলাভিষিক্ত হয়েছেন দাসুন শানাকা এবং নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ফাস্ট বোলার প্রমোদ্য উইক্রামাসিংহে।

১৯৯৬ থেকে ১৯৯৭ পর্যন্ত ভারতের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলা রাঠোর ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় খেলেছেন পাঞ্জাবের হয়ে। ২০২৪ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর ব্যাটিং কোচ হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে তার পাঁচ বছরের চুক্তি শেষ হয়। দায়িত্বের সময়টুকুতে প্রধান কোচ রাভি শাস্ত্রি ও রাহুল দ্রাবিড় দুজনের সঙ্গেই কাজ করেছেন তিনি।

পরবর্তীতে দ্রাবিড় যখন আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নেন, তখন দলটির ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন রাঠোর। দ্রাবিড় গত আইপিএলের পর দায়িত্ব ছাড়লেও, রাঠোর এখনও রয়ে গেছেন।