১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন ব্রিটিশ বংশোদ্ভূত প্রথম কৃষ্ণাঙ্গ ইংলিশ ক্রিকেটার

এক বছর ধরে বিরল প্রকৃতির মোটর নিউরন রোগে ভুগছিলেন তিনি।

চলে গেলেন ব্রিটিশ বংশোদ্ভূত প্রথম কৃষ্ণাঙ্গ ইংলিশ ক্রিকেটার
ডেভিড লরেন্স (১৯৬৪-২০২৫)। ছবি: গ্লস্টারশায়ার ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ইংল্যান্ড ও কাউন্টি দল গ্লস্টারশায়ারের সাবেক ফাস্ট বোলার ডেভিড লরেন্স মারা গেছেন। এক বছর ধরে বিরল প্রকৃতির মোটর নিউরন রোগে (এমএনডি) ভুগছিলেন তিনি।

লরেন্সের পরিবার রোববার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর। 

ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলা লরেন্স গ্লস্টারশায়ারের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ে ২৮০ ম্যাচে উইকেট নেন ৬২৫টি। ১৯৮৮ সালে ব্রিটিশ বংশোদ্ভূত প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তার।

২০২২ সালে গ্লস্টারশায়ার ক্রিকেট ক্লাবের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হন তিনি। এই মাসের শুরুতে ব্রিটেনের রাজার জন্মদিনে ‘মেম্বার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার’ (এমবিএ) উপাধিতে ভূষিত করা হয় তাকে।

লরেন্স এমএনডিতে আক্রান্ত হন ২০২৪ সালে। এই রোগ শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলোকে দুর্বল করে দেয়। চিকিৎসায় এমএনডি পুরোপুরি ভালো হয় না।

এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও তহবিল সংগ্রহের জন্য কাজ করছিলেন তিনি। 

১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেন লরেন্স। লাল বলে উইকেট নেন ১৮টি। ১৯৯১ সালে দা ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৬ রানে ৫ উইকেট তার সেরা বোলিং।

১৯৯২ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর তার ক্যারিয়ার হুমকিতে পড়ে যায়। ১৯৯৭ সালে ফিরে গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চারটি ম্যাচ খেললেও, পরে আর শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলেননি তিনি।