১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বুক করা ছিল ফ্লাইট, রাজাউল্লাহর ঝড়ে সিপিএলে ফেরা পিছিয়েছে সাইমের

এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের রাতে সাইম আইয়ুবের জন্য যুক্তরাজ্য থেকে বারবাডোজের ফ্লাইট বুক করে রেখেছিল জ্যামাইকা কিংসমেন।

বুক করা ছিল ফ্লাইট, রাজাউল্লাহর ঝড়ে সিপিএলে ফেরা পিছিয়েছে সাইমের
সাইম আইয়ুব। ছবি: সিপিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 11:21 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

টেস্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জাগে তিন দিনে। তাই এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের রাতে সাইম আইয়ুবের জন্য যুক্তরাজ্য থেকে বারবাডোজের ফ্লাইট বুক করে ফেলে জ্যামাইকা কিংসমেন। কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। রাজাউল্লাহর বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ম্যাচটি চতুর্থ দিনে শেষ হওয়ায় সাইমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরা পিছিয়েছে অন্তত এক দিন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষ করে তারা ২ উইকেটে ৫২ রান নিয়ে। ধারণা করা হচ্ছিল, তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে ম্যাচ। তবে তৃতীয় দিনের শেষ সেশনে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ড ৯ ছক্কায় ৬৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ চতুর্থ দিনে টেনে নেয় পাকিস্তান। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় শনিবার চতুর্থ দিনের লাঞ্চের আগে ইংল্যান্ড জিতে যায় ৮ উইকেটে। 

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে, ম্যাচ তিন দিনে শেষ হবে ধরে নিয়ে শুক্রবার সাইমকে ফিরিয়ে নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পেয়েছিল কিংসমেন। 

কদিন আগে সাইম ব্যস্ত ছিলেন সিপিএলেই। কিন্তু হঠাৎ জরুরি ডাক আসে টেস্ট দল থেকে। ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে বাজেভাবে হারার পর প্রধান কোচ ও বোলিং কোচ এবং সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে অন্য সাত ক্রিকেটারকে দলে যুক্ত করে পিসিবি, তাদেরই একজন সাইম।

তবে সাদা পোশাকে ব্যাট বা বল কোনোটিতেই তিনি ভালো করতে পারেননি। ২০ মাস পর টেস্ট ও ১১ মাস পর প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই আউট হন শূন্য রানে, নিতে পারেননি কোনো উইকেটও। 

সিপিএলে কিংসমেনের হয়ে প্রথম ম্যাচে ভালো না করলেও পরের ম্যাচে ৮ ছক্কায় ৫৮ বলে ১০২ রান করেন সাইম। পরের ম্যাচে দলের জয়ে অপরাজিত থাকেন ২৪ রানে।

তার ফেরা এক দিন পেছানোয় প্রভাব পড়ছে কিংসমেনের ওপর। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রোববার ভোরে তারা বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে খেলবে, এই দুই দলেরই আছে আট পয়েন্ট। প্লে-অফে খেলা নিশ্চিত করতে কিংসমেনকে হার এড়াতে হবে। সাইম ম্যাচটি খেলতে পারবেন না। তাকে ছাড়া অন্য ম্যাচটিতে গত শনিবার কিংসমেন হেরে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে।

সিপিএলের বাকি অংশে সাইম খেলতে পারবেন, কারণ এই সময়ে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।