Published : 30 Nov 2025, 01:59 PM
সিরিজ শুরুর আগে যাকে নিয়ে দেশের ক্রিকেট ছিল উত্তাল, সেই শামীম হোসেনকে দলে ফেরানো হলো সিরিজ শেষের আগে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। শুধু দলে যোগ করা হয়েছে শামীমকে। শেষ ম্যাচের জন্য তাই ১৬ জনের বিশাল বহর বাংলাদেশের।
সাম্প্রতিক সময়ে বাজে কিছু পারফরম্যান্সের পর আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি শামীমকে। সিরিজ শুরুর আগের দিন সেটি নিয়েই বিস্ফোরক মন্তব্য করেন লিটন কুমার দাস। তাকে জানানো হয়নি, তাকে যে দল দেওয়া হবে, সেটি নিয়েই খেলতে হবে, এরকম নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি নির্বাচকদের নিয়ে ও আঙুল তোলেন বোর্ডের দিকেও।
সেদিনই পরে ভিডিও বার্তায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এসব নিয়ে সিরিজ শুরুর আগেই বিতর্কের ঝড়ে টালমাটাল হয়ে ওঠে ক্রিকেট। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেও যায়।
দ্বিতীয় ম্যাচে শনিবার চার উইকেটে জিতে সিরিজ জিইয়ে রাখতে পেরেছেন লিটনরা। রোববার দুপুরে ঘোষণা করা হয় শেষ ম্যাচের স্কোয়াড।
সিরিজ শুরুর আগে প্রধান নির্বাচক বলেছিলেন, প্রথম দুই ম্যাচে সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে দেখা যেতে পারে শামীমকে। সিরিজে এখন সমতা। তার পরও শামীমকে যোগ করার কারণ জিজ্ঞেস করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুরুতে প্রধান নির্বাচক বললেন ‘নো কমেন্ট।’
সাম্প্রতিক বিতর্কের কারণেই হয়তো তার এই সাবধানতা। পরে তিনি ছোট্ট করে যোগ করলেন, “দলের চাওয়া ছিল, আমরা সেটিই অনুসরণ করেছি। এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না। আশা করি, সে খেলবে, আপনারা দেখতে পারবেন।”
এই সিরিজেই প্রথমবার টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হয়নি প্রথম দুই ম্যাচে। তিনি টিকে গেছেন স্কোয়াডে। তবে বাস্তবতা বলছে, শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা সামান্য।
মাহিদুলকে নেওয়ার পর প্রধান নির্বাচক বলেছিলেন, চার-পাঁচ নম্বরের বিকল্প ভাবনায় তাকে রাখছেন তারা এবং বিশ্বকাপের আগে এখনই তাকে পরখ করার সুযোগ। কিন্তু সেটি হয়নি প্রথম দুই ম্যাচে।
প্রধান নির্বাচক এখানেও খুব বেশি গভীরে যেতে চাইলেন না।
“একাদশ নির্বাচনে তো আমাদের ভূমিকা থাকে না। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা আমাদের ভাবনা থেকে ওকে নিয়েছিলাম। এখন সামনে বিপিএল আছে, সেখানে তার পারফরম্যান্স দেখা যেতে পারে।”
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, শামীম হোসেন।