Published : 11 Sep 2026, 07:13 PM
দেড় বছর ধরে ভারত জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মাদ শামি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেও দলে ফিরতে পারছেন না ৩৬ বছর বয়সী এই পেসার। সৌরভ গাঙ্গুলির মতে, একজন ক্রিকেটারের বয়স হয়ে গেলে এমনটা হয়েই থাকে। দল থেকে নিজের বাদ পড়ার উদাহরণও দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ের পর চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন শামি। দীর্ঘ পুনর্বাসন শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় দলে ফেরেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। সেই সিরিজে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যান তিনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শিকার করেন ৫ উইকেট। সেমি-ফাইনালে ৩টি উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ফাইনালে ৯ ওভারে ৭৪ রান দেওয়ার পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।
শামিকে জাতীয় দলের বাইরে রাখা নিয়ে একটা সময় প্রধান নির্বাচক আজিত আগারকার ইঙ্গিত দিয়েছিলেন ফিটনেসের দিকে। তবে ঘরোয়া ক্রিকেটে ম্যাচের পর ম্যাচে দারুণ পারফর্ম করেই জবাব দিয়েছেন তিনি।
প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির গত আসরে বাংলার সেমি-ফাইনালে খেলায় বড় অবদান রাখেন শামি। সাত ম্যাচে ১৬.৭২ গড়ে নেন ৩৭ উইকেট, যা দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফি ও লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতেও ভালো করেন শামি। গত আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ১৩ ম্যাচ খেলে নেন ১২ উইকেট।
সবশেষ, দুলিপ ট্রফিতে ইস্ট জোনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামি। আসরে তিন ম্যাচে ২৬.৫৭ গড়ে নেন ৭ উইকেট।
৬৪টি টেস্ট, ১০৮টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলা শামিকে ভারতের নির্বাচক উপেক্ষা করছেন কি না, এমন প্রশ্নও তাই উঠছে। সৌরভ অবশ্য তা মানতে নারাজ।
“তাকে (শামিকে) উপেক্ষা করা হচ্ছে না। সে খুব ভালো খেলছে। সে সত্যিকারের চ্যাম্পিয়ন। কিন্তু বয়স হয়ে গেলে এমনটা হয়। আমি যখন ১০ হাজার রান করার পরও এক বছরের জন্য ওয়ানডে ক্রিকেট থেকে বাদ পড়েছিলাম, তখন আবার ফিরে এসেছিলাম। তাই, এমনটা সবার সঙ্গেই হয়ে থাকে।”
অধিনায়কত্ব নিয়ে বিতর্ক ও কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে মতবিরোধের জেরে ভারত দল থেকে বাদ পড়ার পর, ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ১৫ মাস ওয়ানডে খেলার সুযোগ পাননি সৌরভ। ২০০৭ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার ম্যাচে তিনি খেলেন ৯৮ রানের ইনিংস।
ভারতের সাবেক বোর্ড প্রধান ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) বর্তমান সভাপতি সৌরভ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শামি যেভাবে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন, তাতে তিনি খুশি।
“শামির যে যিনিসটা আমার ভালো লাগে তা হলো, সে ঘরোয়া ক্রিকেটে খেলছে এবং পারফর্ম করছে। এটা দেখতে দারুণ লাগছে। সে অনেক কিছু অর্জন করেছে।”
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে শামি খেলতে পারবেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সৌরভ।
“সেটা এখনও অনেক দূরের ব্যাপার। আমি মন্তব্য করতে পারছি না। বিশ্বকাপ (পরের বছরের) অক্টোবর মাসে। এখনও অনেক দেরি।”