২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওভালে শুবমান গিলের নেতৃত্বে মুগ্ধ ইংলিশ সাবেক অধিনায়ক

মাইকেল ভনের মতে, চাপে পড়ার পর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক।

ওভালে শুবমান গিলের নেতৃত্বে মুগ্ধ ইংলিশ সাবেক অধিনায়ক
উইকেট নেওয়া সিরাজকে আলিঙ্গন করছেন অধিনায়ক গিল (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

যে উইকেটে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং, সেখানেই পরে ছড়ি ঘোরান জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ইংল্যান্ডের দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া সফরকারীরা পরে অবশ্য ঘুরে দাঁড়ায় দারুণভাবে। যার কৃতিত্ব শুবমান গিলকে দিলেন মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, গিলের বুদ্ধিদীপ্ত নেতৃত্বেই স্বাগতিকদের অল্পতে থামাতে পেরেছে আরত। 

ওভালের সবুজ উইকেটে শুক্রবার ভারতের প্রথম ইনিংস ২২৪ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন ক্রলি ও ডাকেট। তাদের টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে ১৩ ওভারেই ৯২ রান তুলে ফেলে ইংলিশরা।

২ ছক্কা ও ৫টি চারে ৩৮ বলে ৪৩ রান করা ডাকেটকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন আকাশ দিপ। ওই এক উইকেট হারিয়েই ইংল্যান্ড প্রথম সেশন শেষ করে ১০৯ রান নিয়ে।

তখনও মনে হচ্ছিল, বড় সংগ্রহ গড়ার পথে বেশ ভালোভাবেই আছে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় সেশনে বদলে যায় পুরো দৃশ্যপট। ১৪ চারে ৫৭ বলে ৬৪ রান করা ক্রলিকে ফিরিয়ে দেন প্রাসিধ কৃষ্ণা। থিতু হয়ে যাওয়া অলি পোপ ও জো রুটকে ভেতরে ঢোকা চমৎকার দুটি ডেলিভারিতে এলবিডব্লিউ করে দেন মোহাম্মদ সিরাজ।

সিরাজ ও প্রাসিধের অসাধারণ বোলিংয়ে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের ৫৩ রানের ইনিংসে কোনোমতে ২৩ রানের লিড নিতে পারে তারা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের পর ভারতের এভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে গিলের ‘সাহসী’ নেতৃত্বের প্রশংসা করলেন ভন। বিবিসি স্পোর্টে ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক এই ব্যাটসম্যান তুলে ধরার চেষ্টা করলেন গিলের পরিকল্পনা। 

“(দ্বিতীয় দিনের) বিকালে শুবমান গিলের অধিনায়কত্ব ছিল অসাধারণ। কারণ সে ফিল্ডারদের ওপরে তুলে এনে ইংলিশ ব্যাটসম্যানদের বোঝায় ‘তোমরা যদি ভালো শট খেলতে পারো, তাহলে পুরস্কার (রান) পাবে। আর যদি না পারো, তাহলে সম্ভাবনা আছে আমাদের দুয়েকটি উইকেট পাওয়ার।’ অলি পোপ, যে দারুণ খেলছিল এবং জো রুট, যে তার সহজাত ব্যাটিং করছিল, তাদের ফেরাতে সত্যিই দুর্দান্ত দুটি ডেলিভারি করেছিল সিরাজ। বিকালের সেশনে ওই দুটি উইকেট ছিল বড় মুহূর্ত।”

দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ইয়াশাসভি জয়সওয়ালের আগ্রাসী ফিফটিতে ২ উইকেটে ৭৫ রান করে ভারত। ৫২ রানে এগিয়ে থেকে দিন শেষ করে তারা।