মইনের সঙ্গে বিবাদের গুঞ্জন উড়িয়ে দিলেন ওয়ার্নার
ম্যাচ শেষে করাচি কিংসের এই দুই ক্রিকেটারের মধ্যে ‘উত্তপ্ত বাক্য বিনিময়ের’ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শেষে সতীর্থ মইন আলির সঙ্গে ডেভিড ওয়ার্নারের ‘উত্তপ্ত পরিস্থিতির’ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি নিয়ে চলছে নানা জল্পনা। দুজনের মধ্যে বিবাদের গুঞ্জনও উঠেছে। তবে করাচি কিংস অধিনায়ক ওয়ার্নারের দাবি, তেমন কিছুই আসলে সেখানে হয়নি।
লাহোরে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় কিংস। ১৯৮ রানের লক্ষ্য তাড়ায় ফিফটি করে দলের জয়ে অবদান রাখেন ওয়ার্নার।
জয়ের জন্য শেষ ওভারে কিংসের প্রয়োজন ছিল পাঁচ রান। ড্যারিল মিচেলের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে যান মইন। পরের বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে করমর্দনের সময় উত্তেজিত ওয়ার্নার এগিয়ে যাচ্ছেন মইনের দিকে, তাকে কিছু একটা বলছেন তিনি। মইনও কিছু বলছেন। তখন কিংসের স্ট্র্যাটেজি প্রধান ও টিম ডিরেক্টর হায়দার আজহার সরিয়ে নেন ওয়ার্নারকে।
অনেকে ধারণা করছেন, এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যে মাঠে মতবিরোধ তৈরি হয়েছিল। সাবেক ভারতীয় ক্রিকেটার আজায় জাদেজা ওই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, “ডেভিড ওয়ার্নার ও মইন আলির মধ্যে তুমুল ঝগড়া…ম্যাচ চলাকালীন মইন আলি ও ডেভিড ওয়ার্নারের মধ্যে তর্ক হয়, এটাই কি ঘটেছিল? পিএসএল ভক্তদের জিজ্ঞেস করছি।”
মইনের সঙ্গের বিবাদের গুজন উড়িয়ে জাদেজার ওই পোস্টে জবাব দেন ওয়ার্নার।
“শান্ত হও, বন্ধু। তোমার কাছে কোনো তথ্যই নেই। আমাদের ম্যানেজার সবসময় আগে হাত মেলাতে চায়। এর সঙ্গে মোর (মইন) কোনো সম্পর্ক নেই। এটাকে বলে দলের মধ্যে খুনসুটি।”
আজহারও বিবাদের গুঞ্জন উড়িয়ে ওয়ার্নারের বক্তব্যকে সমর্থন করেছেন, “সত্য নয়! ওরা দুজনেই আমাকে নিয়ে মজা করছিল!”
