১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লর্ডস টেস্টের আগেই স্যান্টনারকে ফিরে পেল নিউ জিল্যান্ড

মূল স্পিনার আগেভাগে ফেরায় কিউইদের আত্মবিশ্বাস বাড়বে অনেক।

লর্ডস টেস্টের আগেই স্যান্টনারকে ফিরে পেল নিউ জিল্যান্ড
মিচেল স্যান্টনারকে (বাঁয়ে) ধরে রাচিন রাভিন্দ্রার উল্লাস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 03:40 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সুখবর পেয়েছে নিউ জিল্যান্ড। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

গত মাসে আইপিএলে খেলার সময় কাঁধে চোট পান স্যান্টনার। তাতে শুরুতে ধারণা মেলে, এবারের ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে তার খেলার কোনো সম্ভাবনাই নেই। তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী বৃহস্পতিবার, লর্ডসে।

সাদা বলের অধিনায়ক ও গুরুত্বপূর্ণ এই স্পিনারকে সিরিজের পরের দুই টেস্টে পাওয়ার আশায় ছিল দলটি। তবে আগেভাগে সেরে উঠে প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিবেন স্যান্টনার।

বিকল্প হিসেবে শুরুতে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট, এখন তিনি দেশে ফিরে যাবেন। 

এই ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে গিয়ে একটি চার দিনের টেস্ট খেলে নিউ জিল্যান্ড। গত শুক্রবার, এক দিন বাকি থাকতেই ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

ম্যাট হেনরি, উইল ও’রোক, কাইল জেমিসন ও ব্লেয়ার টিকনারকে নিয়ে কিউইদের বোলিং বিভাগ আগে থেকেই ছিল শক্তিশালী। ৩২ টেস্টে ৭৮ উইকেট নেওয়া স্যান্টনার ফেরায় তাদের শক্তিমত্তা বাড়ল আরও।  

ইংল্যান্ড সফরে নিউ জিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স (রিজার্ভ), ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।