খরুচে বোলিংয়ের পর কারানের হ্যাটট্রিক-আনন্দ
ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন স্যাম কারান।
স্যাম কারানের ফুল লেংথ ডেলিভারির জবাব খুঁজে পেলেন না মাথিশা পাথিরানা। উড়ে গেল বেলস। ডানা মেলে দিলেন বোলার। হ্যাটট্রিক বলে কথা!
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার এই স্বাদ পেয়েছেন ২৭ বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার কারান।
পাল্লেকেলেতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে। নিজের প্রথম দুই ওভারে ভীষণ খরুচে বোলিং করেন কারান, ওই দুই ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
ষোড়শ ওভারে বোলিংয়ে ফেরানো হয় তাকে। এবার স্রেফ ৩ রান দিয়ে নেন ৩ উইকেট।
তার চতুর্থ বলে মিড-অফে সহজ ক্যাচ দিয়ে ফেরেন দাসুন শানাকা। পরের বল উড়িয়ে মেরে লং-অনে ধরা পড়েন মাহিশ থিকশানা। শেষ বলে বোল্ড হন পাথিরানা, পূর্ণ হয় হ্যাটট্রিক।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করা দ্বিতীয় ক্রিকেটার কারান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবাডোজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই স্বাদ পান পেসার ক্রিস জর্ডান।
তিন ওভারে ৩৮ রানে ওই ৩ উইকেট নেন কারান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
