১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ফিট না থাকলে একদমই খেলার দরকার নেই’, বুমরাহকে নিয়ে ভেংসরকার

ভারতের সাবেক অধিনায়কের মতে, দেশের জন্য খেলতে হলে সব ম্যাচ খেলার মানসিকতা থাকতে হবে।

‘ফিট না থাকলে একদমই খেলার দরকার নেই’, বুমরাহকে নিয়ে ভেংসরকার
জাসপ্রিত বুমরাহ (বাঁয়ে) ও দিলিপ ভেংসরকার। ছবি: রয়টার্স ও ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

জাসপ্রিত বুমরাহকে নিয়ে সতর্ক থাকতে চায় ভারত। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তারকা এই পেসারকে বিরতি দিয়ে খেলাচ্ছে তারা। আর এটা পছন্দ হচ্ছে না দিলিপ ভেংসরকারের। ভারতের সাবেক অধিনায়কের মতে, ফিট না থাকলে যেকোনো ক্রিকেটারের একদমই খেলার দরকার নেই।

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্ট খেলেন বুমরাহ। হেডিংলিতে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে পাননি উইকেট। ম্যাচটি ৫ উইকেটে জিতে যায় ইংলিশরা।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পরের টেস্টে বুমরাহকে বিশ্রাম দেয় ভারত। এজবাস্টনের ওই ম্যাচে ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

এক ম্যাচ বিরতি দিয়ে লর্ডস টেস্টে ফিরে দারুণ বোলিং করেন বুমরাহ। প্রথম ইনিংসে আবারও ধরেন পাঁচ শিকার। দ্বিতীয় ইনিংসে পান দুই উইকেট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত ২২ রানে জিতে যায় স্বাগতিকরা।

সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। আর তাই দলটির বোলিং বিভাগের মূল অস্ত্র বুমরাহকে আসছে দুই ম্যাচে খুব করেই দরকার তাদের। কিন্তু দুটি ম্যাচেই অভিজ্ঞ এই বোলারকে খেলাবে কিনা ভারত, তা নিয়ে রয়েছে সংশয়।

সিরিজ শুরুর আগে ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার বলে দিয়েছেন, ইংল্যান্ডে সব ম্যাচে পাওয়া যাবে না বুমরাহকে। দলের সেরা বোলারের এভাবে ম্যাচ বেছে খেলা একদমই ভালো লাগছে না ভারতের হয়ে ১১৬ টেস্ট খেলা ব্যাটসম্যান ভেংসরকারের।

“বোলারদের বেছে বেছে টেস্ট ম্যাচ খেলার পক্ষে আমি নই। ফিট থাকলে এবং খেলার জন্য প্রস্তুত থাকলে তাকে দেশের জন্য সব ম্যাচ খেলা উচিত। বুমরাহ বিশ্ব-মানের বোলার এবং সে ভারতকে ম্যাচ জেতাতে পারে। কিন্তু যখন কেউ সফরে থাকবে, তাকে প্রতিটি ম্যাচ খেলতে হবে। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ম্যাচ বেছে নেওয়ার প্রশ্নই আসে না।”

সবশেষ অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সবগুলো টেস্টই খেলেন বুমরাহ। পরে শেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। যার ফলে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। 

তাই বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারত। তাকে বিশ্রাম দিয়ে খেলানোর পথ বেছে নিয়েছে তারা। ভেংসরকারের কাছে এই কৌশল অগ্রহণযোগ্য।

“গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের জন্য খেলা। ফিট না থাকলে তার খেলারই দরকার নেই। সে প্রথম টেস্টের পর ৭-৮ দিনের বিরতি পেয়েছে, কিন্তু তাও তাকে দ্বিতীয় টেস্টে রাখা হয়নি, যা অগ্রহণযোগ্য। হয়তো আগারকার ও গাম্ভিরের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে।”

ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট শুরু আগামী ২৩ জুলাই।