১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনাকাঙ্ক্ষিত রেকর্ডে আফ্রিদি-সাকিবদের সঙ্গী শ্রেয়াস

নেতৃত্বের পথচলার শুরুতেই হতাশার এক রেকর্ডে নাম লেখালেন শ্রেয়াস আইয়ার, যে তালিকায় আছেন সাকিব আল হাসান, থিসারা পেরেরা, শাহিন শাহ আফ্রিদিসহ কয়েকজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 06:09 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

আইপিএলে দুর্দান্ত নেতৃত্বের পথ ধরে ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরুটা আশানুরূপ হয়নি তার। বরং এমন এক রেকর্ডে তার নাম উঠে গেছে, যে তালিকায় থাকতে চান না কেউই।

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে চার ম্যাচ শেষেও জয়ের মুখ দেখেননি শ্রেয়াস। ভারতের আর কোনো অধিনায়কের শুরুটা এতটা বাজে হয়নি।

পরিসংখ্যান যা বলছে, শ্রেয়াসের শুরুটা আসলে এর চেয়েও হতাশাময়। প্রথম দুটি ম্যাচে তাকে যে হারতে হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে! 

আইরিশদের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর ইংল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ভারতের ইনিংসের পর ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার জয়ের আশা জাগিয়েও তারা হেরে যায় শেষ পর্যন্ত।

শ্রেয়াসের নেতৃত্বে ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স, ওই বছর সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও মধ্য প্রদেশকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। পরের আইপিএলে তার অধিনায়কত্বেই ফাইনাল খেলে পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে শুরুটা দারুণ করেও পরে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি তারা।

তবে নেতৃত্ব ও ব্যাটিং দিয়ে আলাদা নজর কেড়ে আইপিএলের পর ভারতীয় দলে ফেরে সরাসরি অধিনায়ক হয়ে। বিশ্বকাপজয়ী অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বাদ পড়ে যান বাজে ফর্মের কারণে।

সময়ই বলবে, শ্রেয়াস শেষ পর্যন্ত কতটা সফল হন।

আপাতত শুরুর এই ব্যর্থতায় একটি তালিকায় নাম উঠে গেছে তার। যেখানে তার সঙ্গী কয়েকজন। প্রথম চার টি-টোয়েন্টিতে জয়ের মুখ না দেখা প্রথম অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান। প্রথম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি সপ্তম ম্যাচে।

প্রথম চার ম্যাচে জয় না পাওয়া অধিনায়কদের মধ্যে আরও আছেন জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা ও ব্রেন্ডান টেইলর, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মাদ রিজওয়ান।