Published : 05 Aug 2026, 12:02 PM
ম্যাচের দ্বিতীয় বলে ফ্লিক করে ছক্কা, তৃতীয় বলে সোজা ব্যাটে চার। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই। মিচেল মার্শের ব্যাট হয়ে রায়ান রিকেলটন ও হ্যারি ব্রুকের তাণ্ডবে বল আছড়ে পড়তে থাকল হেডিংলির নানা প্রান্তে। রান উৎসবের মঞ্চে জন্ম হলো অনেক রেকর্ডের।
জুটির রেকর্ড, ছক্কার রেকর্ড, রানের রেকর্ডসহ একগাদা রেকর্ড গড়ে দা হান্ড্রেডের ম্যাচটিতে লন্ডন স্পিরিটকে ৩৭ রানে হারাল সানরাইজার্স লিডস।
টস হেরে ব্যাটিংয়ে নামা সানরাইজার্স রান তোলে ২ উইকেটে ২৪১। ইংল্যান্ডের এই ১০০ বলের ক্রিকেট আসরে যা রেকর্ড দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল গত আসরে ওভাল ইনভিন্সিবলসের ২২৬।
আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডও (২০ ওভারে ২৮৭) একই মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের।
সানরাইজার্স লিডসের রেকর্ডের ভিত গড়া হয় শুরুর জুটিতেই। ৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মার্শ ও রিকেলটন।
দা হান্ড্রেডে যে কোনো উইকেটেই সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল ২০২৩ আসরে জিমি নিশাম ও টম কারানের ১২৭ রান। সেই জুটি ছিল ষষ্ঠ উইকেটে। উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ছিল আগে ২০২৩ আসরেই ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ১২৩।
৫০ বল শেষে সানরাইজার্সের স্কোর ছিল ১১৯। ইনিংসের মাঝামাঝি স্কোরেও এটি দা হান্ড্রেডের রেকর্ড।
৭ ছক্কায় ৩৭ বলে ৭৬ রান করে আউট হন মার্শ। চলতি আসরে সবচেয়ে বেশি রান (১৮২.৩৮ স্ট্রাইক রেটে ২৯০) এবং সবচেয়ে বেশি ছক্কা (২৩) এই অস্ট্রেলিয়ানেরই। আর কোনো ব্যাটসম্যান ২৫০ রানও করতে পারেননি, কারও ব্যাট থেকে আসেনি ১৫টি ছক্কাও।
৮ ছক্কায় ৪২ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন রিকেলটন।
স্ট্রাইক রেটে অবশ্য দুই ওপেনারকে ছাড়িয়ে ব্রুক। ৫টি করে চার ও ছক্কায় ১৮ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৫ বলে পঞ্চাশ ছুঁয়ে ইংলিশ অধিনায়ক স্পর্শ করেন দা হান্ড্রেডে দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২২ আসরে রেকর্ডটি গড়েছিলেন অ্যাডাম রসিংটন।
শেষ দিকে ৩ বলে ১০ করেন ড্যান লরেন্স। সানরাইজার্স পৌঁছে যায় নতুন চূড়ায়।
গোটা ইনিংসে ছক্কা ছিল ২১টি। দা হান্ড্রেডে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। আগের রেকর্ড ১৭ ছক্কা ছিল যৌথভাবে ওভাল ইনভিন্সিবলস ও বার্মিংহাম ফিনিক্সের।
রেকর্ড রান তাড়ায় লন্ডন স্পিরিট দ্বিতীয় বলেই হারায় জনি বেয়ারস্টোকে (০)। আরেক ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াসও (৫) ভালো করতে পারেননি। তবে তিনে নেমে ১৩ বলে ৩৪ করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। ডেওয়াল্ড ব্রেভিস করেন ২১ বলে ৩৮। তার পরও ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা।
তবে সাতে নেমে অসাধারণ পাল্টা আক্রমণে ৪৬ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস উপহার দেন ডেভিড উইলি। তার সঙ্গে ১৫ বলে ২৭ করে অপরাজিত থাকেন জেমি ওভারটন। শুরুর বিপর্যয়ের পরও শেষ পর্যন্ত ২০৪ রান করে ফেলে লন্ডন স্পিরিট।
দুই দল মিলিয়ে ৪৪৫ রানও ১০০ বলের ক্রিকেটে রেকর্ড। এক ম্যাচে আগের রেকর্ড রান ছিল ৪১৮।
স্পিরিটের ইনিংসে ছক্কা ছিল ১০টি। সব মিলিয়ে ম্যাচে ৩১ ছক্কাও এই টুর্নামেন্টের রেকর্ড।
২৯ ছক্কার আগের রেকর্ডটি এবারের আসরেই হয়েছিল গত ২৪ জুলাই বার্মিংহাম ফিনিক্স ও ট্রেন্ট রকেটসের লড়াইয়ে।