Published : 11 Sep 2025, 12:25 PM
ম্যাচ শুরু হওয়ার আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানাল, চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন লুঙ্গি এনগিডি। ম্যাচের পর অধিনায়ক এইডেন মার্করাম জানালেন, চোটে পড়েছেন কেশাভ মহারাজ। এই বাঁহাতি স্পিনারকে পাওয়া নিয়েও এখন দুর্ভাবনায় দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটাক্রান্ত তৃতীয় প্রোটিয়া ক্রিকেটার মহারাজ। অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলারের ছিটকে পড়ার খবর জানানো হয়েছিল আগেই। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরুর আগে বুধবার জানানো হয়, হ্যামস্ট্রিংয়ে টান লাগায় সিরিজে খেলতে পারবেন না এনগিডিও।
মহারাজের তখনও কোনো সমস্যা ছিল না। কার্ডিফে প্রথম ম্যাচে খেলার কথাও ছিল তার। কিন্তু ম্যাচ শুরুর আগে গা গরমের সময় কুঁচকিতে টান লাগে ৩৫ বছর বয়সী স্পিনারের। তার বদলে শেষ মুহূর্তে একাদশে নেওয়া হয় পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশকে।
মহারাজের চোটের মাত্রা এখনও জানা যায়নি। তবে এনগিডিকে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছু দিন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে প্রোটিয়ারা। সেই সিরিজের শুরু থেকে এনগিডিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকবে দল।
এনগিডির বদলে ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের দলে যোগ করা হয়েছে বাঁহাতি পেসার নান্দ্রে বার্গারকে।
তিন চোটের সিরিজে অবশ্য অন্য তিন জনকে ফিরে পাওয়ার স্বস্তিও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরেছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামস। ফেরার পর প্রথম বলেই উইকেট নিয়েছেন রাবাদা, ইয়ানসেন নিয়েছেন দুই ওভারে দুটি উইকেট।
সিরিজের প্রথম ম্যাচে বুধবার কার্ডিফে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে জিতে এগিয়ে গেছে প্রোটিয়ারা। এই সিরিজের আগে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে তারা।