১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৬ রানে ৭ উইকেট মুল্ডারের

প্রতিপক্ষের শেষ সাত উইকেটের সবগুলো নিয়েছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

৬ রানে ৭ উইকেট মুল্ডারের
প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করলেন ভিয়ান মুল্ডার। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 11:13 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

মেডেন ওভার দিয়ে বোলিং শুরু। দ্বিতীয় ওভার থেকে শুরু উইকেট শিকারের উৎসব। দুর্দান্ত বোলিংয়ে ভিয়ান মুল্ডার সাত উইকেট নিলেন স্রেফ ছয় রান দিয়ে!

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় সোমবার মুল্ডারের তোপে পড়ে স্রেফ ৬৩ রানে গুটিয়ে যায় কাওয়াজুলু-নাটাল ইনল্যান্ড। লায়ন্সের হয়ে ৬.৫ ওভারে চার মেডেনে ৬ রানে ৭ উইকেট নেন প্রোটিয়া পেস বোলিং অলরাউন্ডার।

জোহানেসবার্গের দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বাদশ ওভারের মধ্যে ২৯ রানে ৩ উইকেট হারায় কাওয়াজুলু-নাটাল। দলটির বাকি ৭ উইকেটই নেন মুল্ডার।

ইনিংসের একাদশ ওভারে বোলিংয়ে প্রথম পরিবর্তন আনে লায়ন্স। বল তুলে দেওয়া হয় মুল্ডারের হাতে। মেডেন দিয়ে শুরু করেন তিনি। দ্বিতীয় ওভারে বেন কম্পটনকে এলবিডব্লিউ করে প্রথম উইকেটের দেখা পান ২৭ বছর বয়সী ক্রিকেটার। তার পরের ওভারে কট বিহাইন্ড হন শন গিলসন, এই ওভারেও আসেনি রান।   

চতুর্থ ওভারে কোনো উইকেট পাননি মুল্ডার, এবার রান দেন দুটি। পঞ্চম ওভারে চার রান দিয়ে উইকেট নেন আরেকটি। এরপর আর একটি রানও তিনি দেননি। ষষ্ঠ ওভারে উইকেট নেন একটি। আর সপ্তম ওভারে পাঁচ বলের মধ্যে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দেন তিনি। 

তার বোলিং ফিগার তখন ৬.৫-৪-৬-৭!

প্রথম শ্রেণির ক্রিকেটে মুল্ডারের সেরা বোলিং এটি।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড মুল্ডারের। ২০২৫ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড ৪০০ রান থেকে ৩৩ রান দূরে থাকতে দলের ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন ওই ম্যাচের দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মুল্ডার।