টেস্টে দ্যুতি ছড়িয়ে ওয়ানডে দলে ফিরলেন সালিম
প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার হাতছানি এই পেসারের সামনে।
আফগানিস্তানের হয়ে মোহাম্মাদ সালিমের সবশেষ ওয়ানডে খেলার পর কেটে গেছে প্রায় তিন বছর। লম্বা সময় পর আবারও এই সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করার হাতছানি তার সামনে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে এই পেসারকে যোগ করেছে আফগানরা।
ভারতের বিপক্ষে চান্ডিগড়ে একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরে যায় আফগানিস্তান। দলের অন্য সবার হতশ্রী পারফরম্যান্সের ম্যাচে উজ্জ্বল ছিলেন কেবল সালিম। ৬ শিকার ধরে আফগানিস্তানের তৃতীয় পেসার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
সাদা পোশাকের ওই পারফরম্যান্স সালিমের জন্য রঙিন পোশাকের দলে ফেরার দুয়ার খুলে দিয়েছে।
ক্যারিয়ারের দুই ওয়ানডের সবশেষটি ২৩ বছর বয়সী বোলার খেলেছিলেন ২০২৩ সালে জুলাইয়ে, বাংলাদেশের সফরে। ওয়ানডেতে এখনও কোনো উইকেট না পাওয়া সালিম লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৬ ম্যাচে ৬১ শিকার ধরেছেন। একবার পাঁচ উইকেট ও দুইবার চার উইকেট নিয়েছেন তিনি।
চান্ডিগড়ে প্রচণ্ড গরমের মধ্যেও প্রায় নিয়মিত ঘণ্টা প্রতি ১৪০ কিমি গতি স্পর্শ করতে দেখা গেছে সালিমকে। বুধবারের অনুশীলনেও একটি গতিময় শর্ট ডেলিভারিতে ওপেনার রাহমানউল্লাহ গুরবাজকে চমকে দেন সালিম।
ভারতের বিপক্ষে টেস্টে সালিমের বোলিং মনে ধরেছে আফগানিস্তানের কোচ রিচার্ড পাইবাসের। তার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেছেন, দলে এমন কেউ থাকা দারুণ ব্যাপার।
“সে এক কথায় অসাধারণ ছিল। এই তীব্র গরমের মধ্যে বিশ্বমানের ব্যাটিং লাইনের বিপক্ষে সে যদি ছয় উইকেট নিতে পারে, তবে সেটা কেবল একজন বোলার হিসেবে তার জন্যই ভালো নয়, বরং একটি দল হিসেবে আমাদের জন্যও দারুণ ব্যাপার।”
মোহালিতে আফগানিস্তানের শেষ অনুশীলন সেশনে দেখা যায়নি তাদের দুই তারকা ক্রিকেটার রাশিদ খান ও মোহাম্মাদ নাবিকে। ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচের ভেন্যু ধারামসালায় সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন রাশিদ। আর নাবি দলের সঙ্গে থাকলেও এখন কিছুটা অসুস্থ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু আগামী শনিবার। পরের দুই ম্যাচ লখনৌ ও চেন্নাইয়ে, যথাক্রমে ১৭ ও ২০ জুন।
