‘পাকিস্তানের বিপক্ষে কোহলি ফিফটি করলেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে’
সব বড় খেলোয়াড়ের মতো কোহলিও ঠিক সময়ে জ্বলে উঠবেন, বিশ্বাস রবি শান্ত্রীর।
কখনও কখনও স্রেফ একটি ইনিংসই বদলে দিতে পারে অনেক কিছু। রবি শাস্ত্রীর মতে যেমন, সমালোচনার তীরে বিদ্ধ বিরাট কোহলিকে প্রশান্তি দিতে পারে কেবল একটি ফিফটি! দেখাতে পারে, তার ছন্দে ফেরার পথ। ভারতের সাবেক কোচের বিশ্বাস, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আসছে ম্যাচে কোহলি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই বন্ধ হয়ে যাবে সব সমালোচনা।
খুব যে খারাপ খেলছেন কোহলি, তা নয়। তবে গত কয়েক মাস ধরে নিজের মান অনুযায়ী ব্যাটিং করতে পারছেন না তিনি। এতে কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন আপাতত বিশ্রামে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।
প্রথম ম্যাচেই তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ভারতের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুই দেশের সাবেকরা এই ম্যাচ নিয়ে সরব গত কিছু দিন ধরেই। স্টার স্পোর্টসের আয়োজিত একটি মিডিয়া সেশনে মঙ্গলবার ভারতের সাবেক অলরাউন্ডার শাস্ত্রী বললেন, এই ম্যাচ দিয়েই কোহলির নিজেকে খুঁজে নেওয়া উচিত।
“(মাঠে কঠিন সময়ের পর) সে এবার শান্ত হয়ে ফিরবে, কারণ তাকে নিয়ে সমালোচনার ঢেউ আপাতত থেমেছে। মাঠের বাইরে ছিল সে। এখন তাকে যা করতে হবে, তা হলো ছন্দে ফিরতে হবে। (এশিয়া কাপে) প্রথম ম্যাচেই যদি সে ফিফটি করে, টুর্নামেন্টের বাকি অংশে সমালোচকদের মুখ বন্ধ থাকবে।
“আগে যা হয়েছে, তা এখন ইতিহাস। মনে রাখতে হবে, মানুষের স্মৃতিশক্তি ক্ষণস্থায়ী। আর এটা (ভালো-খারাপ) দুইরকমই হতে পারে। তার এখন সুযোগ বর্তমানের শান্ত পরিবেশটাকে কাজে লাগানো এবং একেক দিন হিসেবে এগিয়ে যাওয়ার।”
২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই সেঞ্চুরি পাননি কোহলি। টেস্টে সবশেষ ১২ ইনিংসে ফিফটি করতে পেরেছেন কেবল একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সাম্প্রতিক সময়ে ভুগছেন তিনি রান করতে।
কঠিন সময়ের মধ্যে থাকা কোহলি শিগগির রান পাবেন বলে বিশ্বাস শাস্ত্রীর।
“তার সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু বিষয়টা তো রকেট সায়েন্স নয়। বড় খেলোয়াড়রা ঠিক সময়ে জেগে ওঠে। তাদের বিরতি প্রয়োজন হয়। বিশ্বের সেরা খেলোয়াড়েরও মানসিক অবসাদ পেয়ে বসতে পারে। বাজে সময়ের মধ্য দিয়ে যায়নি, এমন খেলোয়াড় বিশ্ব ক্রিকেটে একজনও নেই। আমি নিশ্চিত, এই বাজে সময় কেবল তার শরীরের জন্য নয়, নিজেকে নিয়ে ভাবারও সুযোগ করে দিয়েছে। ভাবতে পেরেছে কীভাবে আরও ভালো সে করতে পারে।”
