০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেস্ট ক্রিকেটকে ‘অসম্মান ও তাচ্ছিল্য’ করছে পাকিস্তান, হুসেইনের ক্ষোভ

টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ ও চাহিদাকে অবজ্ঞা করছে পাকিস্তান, বললেন ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

টেস্ট ক্রিকেটকে ‘অসম্মান ও তাচ্ছিল্য’ করছে পাকিস্তান, হুসেইনের ক্ষোভ
ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন। ছবি: রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 03:43 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

কদিন আগে সাইম আইয়ুব ব্যস্ত ছিলেন সিপিএলে। সেখানে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিও করেন। লাল বলের ক্রিকেট থেকে দূরে আছেন তিনি ১১ মাস ধরে। সেই ব্যাটসম্যানকে আচমকা ইংল্যান্ডে উড়িয়ে এনে টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হয়েছে। এই উদাহরণ তুলে ধরে ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলছেন, টেস্ট ক্রিকেটের অমর্যাদা করছে পাকিস্তান। 

পাকিস্তানের হয়ে আটটি টেস্ট আগে খেলেছেন সাইম। তবে সবশেষটি সেই গত বছরের জানুয়ারিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন গত অক্টোবরে কায়েদ-ই-আজম ট্রফিতে। মূলত সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবেই তাকে দেখা হয়েছে সাম্প্রতিক সময়ে। সাদা বলের ক্রিকেটে কার্যকর অলরাউন্ডার হিসেবে সুযোগ পান তিনি সিপিএলে।

সেখানে জ্যামাইকা কিংসমেনের হয়ে প্রথম ম্যাচে ভালো না করলেও পরের ম্যাচে ৮ ছক্কায় করেন ৫৮ বলে ১০২। টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি যেটি। পরের ম্যাচে দলের জয়ে অপরাজিত থাকেন ২৪ রানে। 

কিংসমেনের হয়ে গোটা মৌসুমই খেলার কথা ছিল তার। কিন্তু হঠাৎ জরুরি ডাক আসে টেস্ট দল থেকে। ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে বাজেভাবে হারার পর খোলনলচে পাল্টে ফেলা হয় পাকিস্তান দলের। প্রধান কোচ ও বোলিং কোচ এবং সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয় সিরিজের মাঝেই। অনেক পরিবর্তনের পালায় সাইম নিজেকে আবিষ্কার করেন ইংল্যান্ড সফরে টেস্ট দলে।

শুধু স্কোয়াডে রাখাই নয়, এজবাস্টন টেস্ট খেলতেও নামিয়ে দেওয়া হয় সাইমকে। সেটিও আবার ওপেনিংয়ে। এতে যা হওয়ার, সেটিই হয়। প্রথম ইনিংসে আউট হন ১০ বলে শূন্য রান করে। দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার ফেরেন ইনিংসের প্রথম বলেই।

২৪ বছর বয়সী ব্যাটসম্যানের আলগা শটের সমালোচনা তো আছেই। তবে দিনের খেলা শেষে স্কাই স্পোর্টসে আলোচনায় হুসেইন ধুয়ে দিলেন পাকিস্তান ক্রিকেটের নীর্তি-নির্ধারকদের। 

“কিছু আলগা শট আমরা দেখেছি, বিশেষ করে সাইম আইয়ুবের। মাঠে (ফিল্ডিংয়ে) অনেকটা সময় কাটিয়ে (ব্যাটিংয়ে নেমে) পূর্ণ মনোযোগ দিতে না পারার ধ্রুপদি উদাহরণ। তবে এখানে মূল ব্যাপার হলো, তার তো এখানে থাকারই কথা নয়। গত ১১ মাসে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেনি, ১০ দিন আগেও খেলছিল সিপিএলে।

আমি জানি না… কারা এটা সঠিক মনে করেন যে, ভিন্ন কন্ডিশন ও পুরো ভিন্ন সংস্করণ থেকে কাউকে উড়িয়ে এনে এখানে এই কন্ডিশনে খেলানো হবে এবং সে ভালো করবে… ডিউক বলের সামনে, অলি রবিনসন ও ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে…।”

হুসেইনের মতে, টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ, দাবি ও চাহিদাকে পাত্তাই দেয়নি পাকিস্তান। 

“এটা স্রেফ টেস্ট ক্রিকেটের প্রতি এক রকমের অসম্মান ও তাচ্ছিল্য। যে কোনো ক্রিকেটারই বলবে, টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন সংস্করণ। এটিরও সবচেয়ে কঠিন অংশ হলো ইংল্যান্ডে টপ অর্ডারে ব্যাট করা। অথচ আপনি ভাবছেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কাউকে উড়িয়ে এনে নামিয়ে দেওয়া যাবে!”

প্রথম দুই টেস্টে বাজেভাবে হারার পর পাকিস্তান এই টেস্টেও লড়ছে ইনিংস হার এড়াতে। ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামাতেই এখনও ২৬৮ রান প্রয়োজন তাদের। উইকেট আছে ৮টি।