০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা

মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি হয়েছে সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, দিলারা আক্তারের।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা
মারুফা আক্তার। ছবি: বিসিবি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 03:21 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

উইমেন’স এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি দল, তবে বল হাতে নিজের কাজটা ঠিকঠাক করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মারুফা আক্তার। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অগ্রগতি হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে তোলে মারুফার নৈপুণ্যে। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সে ১৯ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন মারুফা। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে।

প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যে ঢুকলেন মারুফা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা অবস্থান ছিল ২৩তম, ২০২৪ সালে উঠেছিলেন।

৪ ওভারে কেবল ১৪ রান দিয়ে এক শিকার ধরেছেন সুলতানা খাতুন। এই অফ স্পিনার ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন।

মেয়েদের বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শ্রী চারানি। দুই ধাপ এগিয়ে তার সতীর্থ দীপ্তি শার্মা আছেন ছয়ে।

টি-টোয়েন্তি ব্যাটারদের তালিকায় যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি।

লঙ্কানদের বিপক্ষে চারটি চারে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সোবহানা মোস্তারি। এতে তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। চারটি চারে ২৬ রান করা দিলারা আক্তারের উন্নতি পাঁচ ধাপ। এই ওপেনারের অবস্থান ৬২তম।

ওই ম্যাচে স্রেফ ৪ রানে আউট হয়ে যান নিগার সুলতানা। তবে র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার ইমেশা দুলানির অবনতিতে এক ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন ২১ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার উপরে নেই কেউ।

তিনটি চারে ১৪ রান করে ৬ ধাপ এগিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। বাংলাদেশের এই ওপেনার যৌথভাবে আছেন ৯৬তম স্থানে।

মেয়েদের টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান, আছেন ৩২ নম্বরে।