Published : 24 Nov 2025, 01:10 PM
গোটা অ্যাশেজ থেকেই ছিটকে গেছেন জশ হেইজেলউড, এমন খবর ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে। সেটি উড়িয়ে দিয়ে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন, সিরিজের কোনো একটা পর্যায়ে এই পেসারকে দেখা যাবে অবশ্যই। তবে তার কথাতেই নিশ্চিত, পরের টেস্টেও থাকছেন না অভিজ্ঞ এই পেসার।
প্যাট কামিন্সকে পাওয়ার আশা অবশ্য শেষ হয়ে যায়নি। দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা ভালোভাবেই আছে অস্ট্রেলিয়া অধিনায়কের।
কামিন্স চোট নিয়ে মাঠের বাইরে আছেন বেশ অনেক দিন ধরেই। হেইজেলউড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন অ্যাশেজের আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে।
পেস আক্রমণের এই দুই অস্ত্রকে ছাড়াই পার্থে প্রথম টেস্টে দুই দিনে জিতে সিরিজ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে পার্থের ওই পেস-বান্ধব উইকেটে এমন অভিজ্ঞ দুই বোলার থাকলে যে ইংল্যান্ডের ভোগান্তি বাড়ত, তা বলা যায় নিশ্চিতভাবেই।
পরের টেস্ট ব্রিজবেনের গ্যাবায় দিন-রাতের ম্যাচ। গোলাপি বলে বাউন্স ও মুভমেন্ট বেশি মেলে। কামিন্স ও হেইজেলউড থাকলে অস্ট্রেলিয়ার আক্রমণের ধার বেড়ে যেত অনেকটাই। তবে এখানেও পূর্ণশক্তির পেস আক্রমণ তারা পাচ্ছে না।
অস্ট্রেলিয়ার জন্য একটু স্বস্তির খবর, হেইজেলউডকে কোনো একটা পর্যায়ে যাওয়া যাবে বলে জানালেন কোচ।
“আমার মনে হয় না গোটা সিরিজের জন্য সে ছিটকে পড়েছে। তার পুনবার্সনের প্রথম সপ্তাহ চলছে। আরও কিছুদিন সামনে এগিয়ে গেলে আমরা আরও ভালোভাবে বোঝার অবস্থায় থাকব। তবে সিরিজের কোনো একটা পর্যায়ে তাকে পাওয়া যাবে।”
কামিন্স ছোট রান আপে বোলিং করছেন কয়েকদিন ধরে। পার্থ টেস্টের চতুর্থ দিনে সোমবার তার পুরো রান আপে বোলিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু টেস্ট দুই দিনেই শেষ হয়ে যাওয়ায় দল আর পার্থে নেই, কামিন্সের পরিকল্পনাও বদলে গেছে। এখন তিনি পুরোদমে বোলিংয়ে ফিরবেন মঙ্গলবার।
ক্রিকেট অস্ট্রেলিয়া পডকাস্ট-এ কামিন্স বলেছেন, পরের টেস্টে তার খেলার 'হাফ-চান্স' আছে তার।
কোচ ম্যাকডোনাল্ড জানালেন, কামিন্সের অগ্রগতি ঠিক পথেই আছে।
“টেস্ট ম্যাচের আগে এটি (কামিন্সের ফেরা) প্রবলভাবেই বিবেচনায় থাকবে এবং এমনও হতে পারে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিছু কাজ তার এখনও বাকি আছে বটে, তবে প্রায় শেষের পথে এবং সবকিছু সত্যিই ইতিবাচক।”
কামিন্স-হেইজেলউডের চোটে পার্থে পুরো দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক। অসাধারণ বোলিংয়ে প্রথম ইনিংসে সাতটিসহ ম্যাচে ১০ উইকেট শিকার করেন অভিজ্ঞ পেসার। দলের জয়ে বড় অবদান রাখেন অন্য দুই পেসারও। দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিংয়ে চার উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিংয়ে ধস নামান স্কট বোল্যান্ড। দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন অভিষিক্ত ব্রেন্ডান ডগেট।
বোল্যান্ড অবশ্য প্রথম ইনিংসে ছিলেন বিস্ময়কর রকমের খরুচে। এমনিতে তিনি বরাবরই আঁটসাঁট বোলিং করে থাকেন, কিন্তু পার্থের প্রথম ইনিংসে ১০ ওভারে রান দিয়েছিলেন ৬২।
সেই দায় অবশ্য নিজের ঘাড়েই নিচ্ছেন কোচ ম্যাকডোনাল্ড। তিনি জানালেন, দলের পরিকল্পনা অনুসরণ করেই নিজের সহজাত লেংখ থেকে সরে এসেছিলেন বোল্যান্ড।
“সে একটু বেশি ফুল লেংথে বল করেছে এবং তাকে ডাউন দা গ্রাউন্ড ড্রাইভ করা হয়েছে অনেক। সে আসলে খারাপ বল করেনি। তবে ওই পরিকল্পনা তার সঙ্গে সম্ভবত মানিয়ে যায়নি। ইংলিশরা ওকে ভালো খেলেছে। আমরা একটু বেশি ফুল লেংথে বল করেছি কখনও কখনও। সেটা ছিল আসলে আমাদের পরিকল্পনারই অংশ এবং কোচিংয়ে দিক থেকে সেটি আমাদের ভুল ছিল।”
বোল্যান্ড দ্বিতীয় ইনিংসে তার সহজাত লেংথে ফিরে সাফল্য পান।
ব্রিজবেনে কামিন্স একাদশে ফিরলেও রয়ে যাবেন বোল্যান্ড, বাইরে যাবেন ডগেট। অবশ্য দিন-রাতের টেস্টে চার পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে বাইরে থাকতে পারেন ন্যাথান লায়ন।
পার্থে প্রথম ইনিংসে স্রেফ ২ ওভার বোলিং করেছেন লায়ন। দ্বিতীয় ইনিংসে তাকে বল হাতেই নিতে হয়নি।
ব্রিজবেন টেস্ট শুরু আগামী ৪ ডিসেম্বর।