Published : 15 Aug 2024, 01:10 PM
খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে বছর দেড়েক আগে। এরপর কোচিংয়ের পথ ধরে দ্রুত এগিয়ে যাচ্ছেন টিম পেইন। সেই পথ ধরে এবার বড় এক দায়িত্ব পেলেন তিনি। বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের প্রধান কোচ এখন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
গত মৌসুমে প্রধান কোচ জেসন গিলেস্পির সহকারী ছিলেন পেইন। গিলেস্পি এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়ে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের। তার জায়গায় দায়িত্বে আনা হলো পেইনকে।
অ্যাডিলেইড স্ট্রাইকার্সের পাশাপাশি রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়ার কোচও ছিলেন গিলেস্পি। তবে পেইন শুধু সামলাবেন অ্যাডিলেইড স্ট্রাইকার্সকে। সাউথ অস্ট্রেলিয়ার কোচ হিসেবে সাবেক পেসার রায়ান হ্যারিসের নাম ঘোষণা করা হয়েছে কদিন আগেই।
মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় পেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ২০২১ সালে। ক্রিকেট থেকে বিরতিও নেন তিনি। পরে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন। শেষ পর্যন্ত অবসরে যান গত বছরের মার্চে। এর পরপরই তিনি কোচিংয়ে নাম লেখান।
গত বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলে অ্যাডাম ভোজেসের সহকারী হিসেবে তিনি কাজ করেছেন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ও মেয়েদের দলেও কোচিং করিয়েছেন। এখন তিনি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দান টেরিটোরি স্ট্রাইসের কোচের দায়িত্ব পালন করছেন।
বিগ ব্যাশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার লক্ষ্যের কথা তিনি বলেছিলেন আগেই। আশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ৩৯ বছর বয়সী সাবেক কিপার-ব্যাটসম্যান।
“এরকম প্রতিষ্ঠিত ও দারুণ সমর্থন পাওয়া একটি দলের কোচ হতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। ডিসেমবরে বিগ ব্যাশ শুরু হওয়ার জন্য তর সইছে না আমার।”
“অ্যাডিলেইডে গত বছর কাজ করার পর আমার বিশ্বাস, এই স্ট্রাইকার্স দল ও গোটা সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সম্ভাবনা দারুণ। আমি এটিকে সামনে এগিয়ে নিতে এবং কিছু ট্রফি জিততে মুখিয়ে আছি।”
কোচ হিসেবে পেইনের প্রথম দায়িত্ব হবে আগামী ১ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটার বাছাই করা।