বিশ্বকাপের আগে রোগে ভুগছে নিউ জিল্যান্ডের কয়েকজন
তবে টুর্নামেন্ট শুরুর আগেই সবাই ঠিক হয়ে উঠবেন বলে আশাবাদী কিউইদের কোচ রব ওয়াল্টার।
চোট সমস্যা তো আছেই, এবার নানা রোগও ছোবল দিয়েছে নিউ জিল্যান্ড শিবিরে। দলটির দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্রা ভুগছেন ভাইরাসজনিত সমস্যায়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তাদের সুস্থ অবস্থায় পাওয়ার আশা করছেন কিউইদের কোচ রব ওয়াল্টার।
বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি নিউ জিল্যান্ড। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রাভিন্দ্রা ও কনওয়ে। এছাড়া কাঁধের চোটে বিশ্রামে থাকবেন ফিন অ্যালেনও।
রাচিন ও কনওয়ের অসুস্থতার কথা এদিনই জানিয়েছেন ওয়াল্টার।
“দুর্ভাগ্যবশত ক্যাম্পে এই মুহূর্তে কয়েকজন অসুস্থ। ডেভন ও রাচিন ভাইরাল ইনফেকশনের সঙ্গে লড়ছে, যা সফরের অবিচ্ছেদ্য অংশ।”
“রাচিন আমার পাশের রুমেই থাকে, সারারাত তার যে অবস্থা ছিল, আমার কাছে ভালো মনে হয়নি। আমার ধারণা, সে বেশ ভুগছে।”
পেশির চোটে বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মাইকেল ব্রেসওয়েল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে হারে নিউ জিল্যান্ড।
তাদের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামও অসুস্থ। তবে চোট কাটিয়ে ফিরেছেন লকি ফার্গুসন। ভারত সিরিজে একটি টি-টোয়েন্টি খেলে দুই উইকেট নিয়েছেন গতিময় এই পেসার।
আগামী শনিবার শুরু হবে বিশ্বকাপের দশম আসর। পরদিন আফগানিস্তান ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে নিউ জিল্যান্ড।
আফগানদের বিপক্ষে লড়াইয়ের জন্য সবাইকে পাওয়ার আশায় আছেন ওয়াল্টার।
“এই পর্যায়ে সবাই মোটামুটি ঠিক আছে এবং প্রথম ম্যাচের জন্য সুস্থ ও ফিট থাকার পথে আছে, যা ভালো খবর।”
