‘সাহসী অধিনায়ক’ শ্রেয়াসের মাঝে আজহারউদ্দিনের ছায়া দেখছেন রায়না
পাঞ্জাব কিংস অধিনায়ককে প্রশংসায় ভাসালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বগুণ মনে ধরেছে সুরেশ রায়নার। পাঞ্জাব কিংস অধিনায়ককে দেখে সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মাদ আজহারউদ্দিনের কথা মনে পড়ে যায় তার।
আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক হিসেবে দারুণ করেছেন শ্রেয়াস। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে তোলেন তিনি। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে জেতান শিরোপা। ২০২৫ আসরে তিনি ফাইনালে নিয়ে যান পাঞ্জাব কিংসকে। তার নেতৃত্বে এবারের আসরেও দারুণ ছন্দে এগিয়ে চলেছে দলটি।
প্রথম ৯ ম্যাচের ৬টি জিতেছে পাঞ্জাব, হেরেছে ২টি, ফল হয়নি একটির। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়াস। ওই ৯ ম্যাচের আট ইনিংসে ৫৪.৬৭ গড়ে তিনি করেছেন ৩২৮ রান।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামে পাঞ্জাব। এই ম্যাচের আগে জিওস্টারে আলাপে শ্রেয়াসের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন রায়না। সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানের মতে, ৩১ বছর বয়সী শ্রেয়াস যেভাবে দলকে নেতৃত্ব দেন এবং নিজেকে উপস্থাপন করেন, তা গ্রেট আজহারউদ্দিনের কথা মনে করিয়ে দেয়।
“সে যেখানেই গেছে, যে ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছে, সেখানেই ভিন্ন ধরনের ক্রিকেট নিয়ে এসেছে। অধিনায়ক হিসেবে সে সাহসী এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দিল্লি, কেকেআর, এমনকি পাঞ্জাবেও, যারা ১১ বছর পর ফাইনাল খেলেছিল গত বছর। সে কেন একজন ভালো অধিনায়ক, তা দেখলেই বোঝা যায়, কারণ মাঠের বাইরে তার যোগাযোগ অসাধারণ।”
“সে তার খেলোয়াড়দের পাশে থাকে। যখন তাকে ওই ভঙ্গিতে হাঁটতে দেখি, তার শরীরী ভাষা আমাকে আজহার ভাইয়ের কথা মনে করিয়ে দেয়। যখন মোহাম্মাদ আজহারউদ্দিন অধিনায়ক ছিলেন, তখন তার চারপাশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল অন্যরকম। প্রত্যেকের নেতৃত্বের ধরন আলাদা। শ্রেয়াসের মাঝে স্থিরতা ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ- দুটোই পাবেন। পাঞ্জাব যখন ব্যাট করে, তখন তাদের আগ্রাসী দেখা যায়, বোলিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
