১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতকে ভুগিয়ে ভারতীয় কোচকেই কৃতিত্ব দিলেন গুরবাজ

ভারতীয় বোলিং তুলাধুনা করে ৪৮ বলে সেঞ্চুরি করেন আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 02:58 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

ঘরের শত্রু বিভীষণ! মজা করে এখন এটা বলাই যায় গৌতাম গাম্ভিরকে নিয়ে। ভারতীয় বোলারদের তুলাধুনা করে রাহমানউল্লাহ গুরবাজ জানালেন, ভারতীয় কোচের পরামর্শই দারুণভাবে কাজে লেগেছে তার।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার ৮টি করে ছক্কা ও চারে ৫১ বলে ১০২ রানের ইনিংস খেলেন গুরবাজ। এই ইনিংসের পথে সেঞ্চুরি করেন তিনি ৪৮ বলে। 

আফগানিস্তানের দ্রুততম শতরানের রেকর্ড স্রেফ চুরমার করে দেন তিনি। আগের রেকর্ডটি ছিল ৭২ বলে। 

ভারতের বিপক্ষে এটি দ্বিতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।

বৃষ্টিতে ২৫ ওভারে নেমে আসা ম্যাচে অবশ্য হেরে যায় আফগানিস্তান। গুরবাজ ছাড়া আর কোনো ব্যাটসম্যান পারেননি ভালো কিছু করতে। ১৯৪ রানের পুঁজি নিয়ে আফগান বোলাররা পারেনি লড়াই করতে। শুবমান গিলের ৬৬ বলে অপরাজিত ৮৪ ও লোকেশ রাহুলের ১৯ বলে ৩৯ রানের ইনিংসে ভারত জিতে যায় ৭ উইকেটে।

তবে দল হারলেও গুরবাজের ব্যাটের ধার ঠিকই টের পেয়েছেন ভারতীয় বোলাররা। ম্যাচের পর গুরবাজ বললেন, এই সেঞ্চুরি তার কাছে কতটা স্পেশাল।

“এই পারফরম্যান্সের জন্য আমি কৃতজ্ঞ। আমার দৃষ্টিভঙ্গিটা খুব সহজ ও সরল ছিল, তা হলো শুধু ইতিবাচক ক্রিকেট খেলা। আমরা জানতাম, এটা ২৫ ওভারের খেলা, কিন্তু আমি নিজের খেলাটাও ভালোভাবে জানি। শুধু নিজের ওপর ভরসা রেখেছি এবং দলের জন্য খেলেছি।”

অবদান রাখতে পেরে ভালো লেগেছে। দেশের জন্য কিছু করা এবং সবাইকে গর্বিত করাটা সবসময়ই আনন্দের। নিজের অনুশীলন এবং প্রস্তুতির ওপর আস্থা রাখি আমি। কঠোর পরিশ্রম করি এবং এই ইনিংসটি সেই কঠোর পরিশ্রমেরই ফল। ভারতের বিপক্ষে ভারতে শতক করাটা বিশেষ কিছু। যেমনটি বলেছি, এটা আমার প্রচেষ্টার পুরস্কার।”

নিজের পরিশ্রমের পাশাপাশি গুরবাজ কৃতিত্ব দিলেন প্রতিপক্ষ কোচকেও। এই ওয়ানডে সিরিজের আগে একটি টেস্ট খেলেছিল দুই দল। টেস্ট ম্যাচটির পর গাম্ভিরের সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলেছিলেন তিনি। সেসব পরামর্শে দারুণ উপকৃত হয়েছেন বলেই জানালেন ২৫ বছর বয়সী কিপার-ব্যাটার। 

“টেস্ট ম্যাচের পর গৌতাম গাম্ভির স্যারের সঙ্গে আমার খুব ভালো একটি আলোচনা হয়েছিল। সেই আলোচনাটি আমাকে সত্যিই সাহায্য করেছে। নেটে সেই ধারণাগুলো নিয়ে কাজ করেছি এবং তার নির্দেশনার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

“টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর তাকে বলেছিলাম যে, আমার শট নির্বাচনে উন্নতি করতে চাই। তিনি কিছু ইতিবাচক ধারণা দিয়েছিলেন এবং আমি আজকে সেগুলো প্রয়োগ করতে পেরেছি। শুধু ইতিবাচকভাবে খেলার চেষ্টা করেছি এবং এটি আমার জন্য কাজে দিয়েছে।”