১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাম্ভিরের কোচিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুললেন ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের মতে, আবেগী কোচ দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সাদা বলের ক্রিকেটে গৌতাম গাম্ভিরের কোচিংয়ে সাফল্য এলেও, লাল বলে সময়টা খারাপ যাচ্ছে ভারতের। টেস্টের জন্য কোচ হিসেবে তিনি উপযুক্ত কিনা, চলছে এমন আলোচনা। এবার তার কোচিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 

কথায় কোনো রাখঢাক নেই, আবেগ দিয়ে কাজ করেন; গাম্ভিরের এই স্বভাব সম্পর্কে জানেন প্রায় সবাই। কোচিংয়ের ক্ষেত্রেও এমন হলে তা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন না ডি ভিলিয়ার্স।

গাম্ভিরের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু ঘরের মাঠে সবশেষ তিনটি টেস্ট সিরিজে দুটিতে হোয়াইটওয়াশড হয়েছে তারা; গত বছরের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এবং চলতি মাসে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে।

প্রোটিয়াদের বিপক্ষে কলকাতায় স্পিন সহায়ক উইকেট বানিয়ে ৩০ রানে হারে ভারত। পরে গুয়াহাটিতে স্পোটিং উইকেটে সফরকারীদের কাছে পাত্তাই পায়নি তারা। দুই ইনিংসেই চরম ব্যাটিং ব্যর্থতায় ৪০৮ রানে পরাজয়ের তেতো স্বাদ পায় স্বাগতিকরা। যা তাদের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় হার।

এমন ভারডুবির পর এখন গাম্ভিরের কোচিংয়ে ধরন নিয়ে চলছে চর্চা। সেখানে যোগ দিয়েছেন ডি ভিলিয়ার্সও। সাবেক ভারতীয় স্পিনার রাভিচান্দ্রান অশ্বিনের ইউটিউব চ্যানেলে আলোচনার সময় গাম্ভিরের স্বভাব নিয়ে কথা বলেন তিনি।

“নেতৃত্ব (কোচ হিসেবে) দেওয়ার ক্ষেত্রে জিজি (গৌতাম গাম্ভির) কেমন, আমি জানি না। তাকে আমি একজন আবেগী ক্রিকেটার হিসেবে চিনি, আর ড্রেসিং রুমেও যদি এমন আচরণ করে, তাহলে বলব (এটা সমস্যা), সাধারণত একজন আবেগপ্রবণ কোচ দলে থাকা ভালো নয়। তবে এটাও নিশ্চিত নয়, পর্দার আড়ালে সে ওইরকম কোচ এবং ওইরকম নেতা কিনা।”

গাম্ভিরের কোচিংয়ে অবশ্য ‘নতুন’ দল নিয়ে ইংল্যান্ড থেকে পাঁচ টেস্টের সিরিজে ২-২ ড্র করে ফিরেছে ভারত। কিন্তু ঘরের মাঠে তাদের পারফরম্যান্সের যে অবস্থা, তাতে তার ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।